ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মনিকা কবিরের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ নেতার মামলা

২০২৬ মার্চ ১৩ ১৪:০২:০০

মনিকা কবিরের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে এক বৃদ্ধ পথচারীকে মারধর ও হেনস্থার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের প্রাথমিক শুনানি শেষে বিষয়টি তদন্তের জন্য গুলশান থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি করেন ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত অভিযোগ গ্রহণ করে বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে গুলশান-২ এলাকায় এক বৃদ্ধ পথচারী রাস্তা দিয়ে চলছিলেন। সে সময় রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও ধারণ করছিলেন মনিকা কবির।

অভিযোগ অনুযায়ী, ওই বৃদ্ধের ব্যাগের একাংশ অসাবধানতাবশত মনিকা কবিরের শরীরে স্পর্শ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ওই বৃদ্ধকে ধাক্কাধাক্কি শুরু করেন এবং তার ব্যাগ ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, পুরো ঘটনাটি মনিকা কবির ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে ভুক্তভোগী ব্যক্তি সামাজিকভাবে অপমানিত ও হেয় প্রতিপন্ন হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনে বাদীপক্ষ আদালতের কাছে আসামিকে হাজির করার জন্য সমন বা প্রয়োজনে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন।

এর আগে বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে বিতর্কিত ও অশালীন কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সাত দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ-১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর প্রাসঙ্গিক ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত