ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়: শামসুজ্জামান দুদু

২০২৬ মার্চ ১১ ১৪:২০:১৪

এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, তাই অস্থির হওয়া যাবে না। এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থেকে সরকারের পাশে থাকতে হবে।’

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর এক রেস্টুরেন্টে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আয়োজন করা ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন।

বিগত সরকারের সময়ের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণতন্ত্রপন্থিরা নির্যাতন, গুম, মামলা ও হামলার শিকার হয়েছেন। তবে খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে এবং ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে।’

তিনি শহীদদের স্মরণ করে বলেন, ‘চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বুকের রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

দেশের বর্তমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘অতীতে সরকার ব্যাংক খাতের বিপুল অর্থ লুট করেছে এবং তা বিদেশে পাচার হয়েছে। গত দুই বছরে অন্তর্বর্তী সরকারের সময় সেসব অর্থ দেশে ফেরানোর প্রত্যাশা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। বিশ্বখ্যাত মুহাম্মদ ইউনূস এই বিষয়ে ভূমিকা রাখতে পারতেন, তবে কার্যক্রম সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস হয়ে গিয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে দখলদারিত্ব প্রতিষ্ঠা পেয়েছিল। এই পরিস্থিতি থেকে আইন ও গণতন্ত্র পুনঃস্থাপন করতে হবে।’

ষড়যন্ত্র শেষ হয়নি বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘গণতন্ত্রের পক্ষে যারা লড়াই করেছে, তাদের সজাগ থাকতে হবে এবং একে অপরের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।’

দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই জনগণের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। ঈদের আগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে। শুধু মুসলিম উপাসনালয় নয়, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশীদার হবেন। একইভাবে কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি

পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে তেলের বরাদ্দ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ... বিস্তারিত