ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মহান স্বাধীনতা দিবস উদযাপনে ঢাবির কর্মসূচি ঘোষণা

২০২৬ মার্চ ১০ ১৩:৫৩:১২

মহান স্বাধীনতা দিবস উদযাপনে ঢাবির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৬ মার্চ সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন, আবাসিক হল ও হোস্টেলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইবৃন্দ সকাল ৫টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে জমায়েত হবেন। এরপর সকাল ৬টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে ওইদিন বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারের সন্তানদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে।

পরবর্তীতে আগামী ২৯ মার্চ (রবিবার) সকাল ১১টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত