ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
বিমানবন্দরের কাণ্ড জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: ভোটের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটির বেশি নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের ঘটনাকে দলটির দেউলিয়াত্ব ও নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে বিএনপি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “টানা চার দিন যেখানে দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ, সেখানে এতো বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে—সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই, আচরণবিধির এই লঙ্ঘন জামায়াতের দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ?”
তিনি আরও বলেন, “বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে—সেখানে স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠেছে, জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন?”
সৈয়দপুর বিমানবন্দরের এই ঘটনাকে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ দাবি করে তিনি বলেন, “সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখার সুযোগ নেই। কারণ, দেশের অন্যান্য জায়গার মতো জামায়াতের আমিরের নির্বাচনি আসন ঢাকা-১৫ তেও একইরকম অবৈধ অর্থনৈতিক লেনদেনের ঘটনা সংগঠিত হতে দেখা গেছে। কুমিল্লা, নোয়াখালী, খুলনাসহ দেশের অসংখ্য জায়গায় এরকম ঘটনা ঘটছে। ইতিমধ্যে দেশব্যাপী দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডিও নিয়েছে। তবে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকিটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী প্রত্যাখ্যান করেছে।”
সারাদেশে ভীতি ছড়ানোর অভিযোগ তুলে মাহদী আমিন বলেন, “গণমাধ্যমে প্রাপ্ত সংবাদে আমরা দেখছি যে, দেশের অনেক জায়গায় ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে।” তিনি বগুড়া-৪ আসনের নন্দীগ্রামে জামায়াতের হামলায় বিএনপি নেতা মাসুদ রানার চোখ হারানো এবং তাঁর মায়ের মৃত্যুর ঘটনাটি উল্লেখ করে তীব্র নিন্দা জানান।
নির্বাচনে জাল ভোট ঠেকাতে বোরকা ও নিকাব ব্যবহারের মাধ্যমে পরিচয় গোপনের প্রচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরখা ও নিকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি। আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল। কিন্তু ইসলামি সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে। ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে।”
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রতিটি ঘটনাকে গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দল হিসেবে বিএনপি গণমানুষের ভালোবাসা, আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে এ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় ব্রত রয়েছে। আগামীকালের যে নির্বাচন, সেটিতে ইনশাল্লাহ এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যেটি জনগণের কাছে দায়বদ্ধ, যেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের সঙ্গে থাকবে, জনগণের পাশে থাকবে।”
নারীদের সম্মান ও অধিকার নিয়ে তিনি বলেন, “এই নির্বাচন সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর একটি অপূর্ব সুযোগ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাজে নারীদের এই অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি আগামীকালের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফেরত আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের প্রতিটি নাগরিককে আহ্বান জানাই, আপনারা কাল সকালে যত দ্রুত সম্ভব ভোটকেন্দ্রে আসুন।”
সবশেষে বিজয় নিশ্চিত দাবি করে তিনি বলেন, “আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করার গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে নেতৃত্ব দেওয়া বিএনপির বিজয় অনিবার্য ইনশাল্লাহ।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিউএস বিষয়ভিত্তিক র্যাংকিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড টাইম’ ভর্তির বিষয়ে যা বললেন উপাচার্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ মার্চ)
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু