ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করল সরকার
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোটের দিন ২৪ ঘণ্টা নির্দিষ্ট কিছু যান চলাচল বন্ধ থাকবে এবং মোটরসাইকেলের ওপর থাকবে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা। তবে জনসাধারণের সুবিধার্থে দূরপাল্লার যানবাহন ও জরুরি সেবাকে এই বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়েছে।
২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা:
প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা (মোটরসাইকেল):
নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা এড়াতে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত—মোট তিন দিন (৭২ ঘণ্টা) সারাদেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
দূরপাল্লার যানবাহন ও মহাসড়ক:
অনেকের মনে প্রশ্ন থাকলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়ার বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন এবং স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য প্রয়োজনীয় যান চলাচলেও এই বিধিনিষেধ শিথিল থাকবে। অর্থাৎ সাধারণ বাস চলাচলে কোনো বাধা নেই।
বিধিনিষেধের আওতামুক্ত যারা:
জরুরি সেবা এবং বিশেষ প্রয়োজনে কিছু যানবাহন চলাচলের সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে: ১. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক।
২. জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন (ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স)। ৩. সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন।
৪. বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের টেলিযোগাযোগ সেবা সংশ্লিষ্ট যানবাহন।
৫. বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট ও টিকিটের প্রমাণ সাপেক্ষে বিমানবন্দর যাতায়াতকারী যান।
৬. নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন।
প্রার্থী ও সাংবাদিকদের যাতায়াত:
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি করে ছোট গাড়ি (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহার করতে পারবেন। সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে যানবাহন বা মোটরসাইকেল চালানোর বিশেষ অনুমতি থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা প্রয়োজনীয় ক্ষেত্রে এই বিধিনিষেধ আরও কঠোর করতে পারবেন কিংবা শিথিল করার ক্ষমতা রাখবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)