ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
এআই–কে ‘অন্ধভাবে বিশ্বাস’ করা উচিত নয়: সুন্দর পিচাই
নিজস্ব প্রতিবেদক :কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল যা বলে, তা অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়—এমন সতর্কবার্তা দিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ব্যবহৃত এআই মডেলগুলো ভুল করতে পারে, তাই ব্যবহারকারীদের উচিত তথ্য ব্যবহারে সতর্ক থাকা এবং প্রয়োজন হলে অন্যান্য নির্ভরযোগ্য উৎসেও নজর দেওয়া।
সুন্দর পিচাই বলেন, শুধুমাত্র এআই–এর ওপর ভরসা না করে সমৃদ্ধ তথ্যভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা জরুরি। এজন্যই মানুষ গুগল সার্চসহ অন্যান্য নির্ভরযোগ্য পণ্য ব্যবহার করে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, ব্যবহারকারীদের দিয়ে তথ্য যাচাই করানোর আহ্বান না জানিয়ে গুগলের উচিত তাদের নিজস্ব সিস্টেমকে আরও নির্ভরযোগ্য করা।
তিনি আরও বলেন, এআই সৃজনশীল কাজে সহায়ক হলেও সংবেদনশীল বিষয়—স্বাস্থ্য, মানসিক সুস্থতা, বিজ্ঞান কিংবা সংবাদ—এসব ক্ষেত্রে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক। গুগল তাদের এআই পণ্যে সতর্কবার্তা যুক্ত করেছে, যাতে ব্যবহারকারীরা জানতে পারেন মডেলগুলো ভুল করতে পারে।
সাম্প্রতিক সময়ে গুগল সমালোচনার মুখে পড়ে, যখন তাদের সার্চের নতুন ফিচার ‘এআই ওভারভিউস’ বেশ কিছু ভুল ও অদ্ভুত উত্তর প্রদর্শন করে। এতে প্রযুক্তি বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন। রেসপনসিবল এআই গবেষক জিনা নেফ বলেন, এআই সিস্টেমগুলো প্রায়ই ব্যবহারকারীকে খুশি করতে গিয়ে উত্তর বানিয়ে বলে, যা বড় সমস্যা। সংবেদনশীল প্রশ্নে এই ভুল আরও ঝুঁকিপূর্ণ।
এদিকে টেক দুনিয়া অপেক্ষা করছে গুগলের নতুন ভোক্তা-কেন্দ্রিক এআই মডেল জেমিনি ৩.০–র জন্য, যা চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় গুগলের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য নিয়ে তৈরি। ইতোমধ্যে গুগল সার্চে নতুন “এআই মোড” যুক্ত হয়েছে, যেখানে জেমিনি চ্যাটবট যুক্ত হয়ে ব্যবহারকারীদের বিশেষজ্ঞ–ধাঁচের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে।
বিবিসির একটি অনুসন্ধানে দেখা গেছে, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, গুগলের জেমিনি ও পারপ্লেক্সিটি—সব চ্যাটবটই খবরের সারাংশ তৈরিতে উল্লেখযোগ্য ভুল তথ্য দিয়েছে।
সাক্ষাৎকারে পিচাই বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সবসময়ই টানাপোড়েন থাকে। অ্যালফাবেটের লক্ষ্য হলো একসঙ্গে সাহসী হওয়া এবং দায়িত্বশীল থাকা। তিনি জানান, প্রতিষ্ঠানটি এআই নিরাপত্তায় বড় বিনিয়োগ করছে এবং এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করার প্রযুক্তিসহ বিভিন্ন টুল ওপেন সোর্স করছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট