×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান

২০২৬ নভেম্বর ২৯ ১৬:২১:৫৭

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতীয় ঐক্যের পক্ষে জামায়াতের অবস্থান থাকলেও তার আগে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, জাতীয় সংসদের গত অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই সময় জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা জাতীয় ঐক্যের পক্ষে। তবে ঐক্য প্রতিষ্ঠার আগে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন জরুরি। তা না হলে দেশে জাতীয় ঐক্য সম্ভব নয়।

বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, জুলাই সনদের যেসব বিধান ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার পথে বাধা হয়ে দাঁড়াবে, সেসব বিষয়েই বিএনপি ভিন্নমত জানিয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায়ের আলোকে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হলে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জামায়াত।

বর্তমান সরকারের কয়েকজন নেতার বিরুদ্ধে স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও করেন শফিকুর রহমান। তাঁর ভাষ্য, একসময় যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের কেউ কেউ এখন অতীত ভুলে আওয়ামী লীগের কায়দায় জনগণের সঙ্গে নির্মম আচরণ করছেন।

জাতীয় সংসদ অকার্যকর মনে হলে জামায়াত তা বর্জন করবে বলেও জানান তিনি। সরকারের দ্বিমুখী নীতি অব্যাহত থাকলে জাতীয় ঐক্য কীভাবে প্রতিষ্ঠিত হবে, সেই প্রশ্নও তোলেন জামায়াতের আমির।

শফিকুর রহমানের মতে, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়িত হলে নতুন করে সংলাপের প্রয়োজন হবে না। একই সঙ্গে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতেও এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত