ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
যে ২ সীমান্তপথে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানে ফেরার পাশাপাশি স্থলপথে দেশে প্রবেশের বিকল্পও বিবেচনা করছেন তিনি। এ সম্ভাবনা যাচাই করতে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের কয়েকটি সীমান্তবর্তী প্রবেশপথ ঘুরে দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাব্য পথগুলোর একটি হলো পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত পেট্রাপোল দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ পাসপোর্ট ছাড়া হাসিনার পক্ষে বিমানে করে বাংলাদেশে ফেরা সম্ভব হবে না। এ কারণে স্থলপথে ফেরার বিকল্পটি বিবেচনায় নেওয়া হচ্ছে।
২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়। গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সে থাকা হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের কাছে দিল্লিতে একটি উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন হাসিনা। সেটিতে করে তিনি ঢাকায় ফিরতে চেয়েছিলেন। তবে বাংলাদেশ সরকার এর জবাবে জানিয়েছিল, তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব।
বাংলাদেশের বর্তমান সরকার হাসিনার প্রত্যর্পণকে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ইস্যু হিসেবে দেখছে। এ বিষয়ে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ভারত জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হবে। অন্যদিকে হাসিনা বলেছেন, তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চান। এ জন্য প্রত্যর্পণের প্রয়োজন নেই।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঢাকা ও নয়াদিল্লি-উভয় সরকারের জন্যই নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। তাঁর প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রচেষ্টা চলছে, এই পরিকল্পনার কারণে তা আরও জটিল হয়ে উঠতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল