×

ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু আজ

২০২৬ নভেম্বর ১৭ ১১:১৩:১৫

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে আজ মঙ্গলবার। সবকিছু ঠিক থাকলে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় পরিচালিত হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।

এরপরও কেন্দ্রটির নিরাপত্তা, কারিগরি সক্ষমতা ও কার্যকারিতা যাচাইয়ে বিভিন্ন পরীক্ষা চালানো হবে। পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক সরবরাহের ধাপ সম্পন্ন হলে শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।

সূত্র জানায়, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রটির নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত