×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লিথুয়ানিয়াকে বাংলাদেশি পণ্য আমদানির অনুরোধ

২০২৬ অক্টোবর ০৮ ১৮:১৪:০০

লিথুয়ানিয়াকে বাংলাদেশি পণ্য আমদানির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে ওষুধ, বায়ো-ডিগ্রেডেবল পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, আসবাবপত্র এবং প্লাস্টিক পণ্য আমদানির জন্য লিথুয়ানিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ভিদমন্তস ভারবিকাস প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ জানান।

সাক্ষাৎকালে শিক্ষা, দ্বিমুখী লভ্যতা, জনবল ও কর্মসংস্থানের সুযোগ, মানব চলাচল ও অভিবাসন, ভিসা সুবিধা, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থায় গভীর সম্পৃক্ততাসহ বিভিন্ন খাত ও ইস্যুতে সহযোগিতা ও অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন তারা।

১৯৯২ সালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি অনুসরণে কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া সফট কূটনীতির বিস্তার, তথ্যপ্রযুক্তিতে সহযোগিতা জোরদার এবং দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

বাণিজ্য বহুমুখীকরণের বিষয়টিও তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম। এ সময় বাংলাদেশ থেকে ওষুধ পণ্য, বায়ো-ডিগ্রেডেবল পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, আসবাবপত্র ও প্লাস্টিক পণ্য আমদানির জন্য লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরে কৃষি প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতে বিনিয়োগে লিথুয়ানিয়ার বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী।

পরিবেশের অবক্ষয় ও জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়, ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময় এবং ব্যবসায়ী চেম্বারগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী। একই সঙ্গে যুব ও শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক ও ক্রীড়া দল বিনিময়, পর্যটন খাতে সহযোগিতা এবং বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগাতে জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত