×

ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ক্রীড়া কার্ডধারীদের জন্য গণপরিবহন ও বীমা সুবিধার উদ্যোগ

২০২৬ অক্টোবর ০৪ ১৬:৩৫:২০

ক্রীড়া কার্ডধারীদের জন্য গণপরিবহন ও বীমা সুবিধার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরিতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর অংশ হিসেবে তাঁদের জন্য বিভিন্ন সুবিধা চালুর বিষয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

‘ক্রীড়াকে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৪ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রীড়া কার্ডধারীদের সুবিধা দেওয়ার লক্ষ্যে পর্যালোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এতে ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদদের গণপরিবহনে বিশেষ ভ্রমণ সুবিধা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুকিবীমা নিশ্চিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

তরুণ প্রজন্মের কাছে ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে আকর্ষণীয় করে তোলা এবং ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা কার্যক্রম চালু করা হয়েছে। মন্ত্রণালয়ের পরিকল্পনায় কার্ডটিকে শুধু পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে ক্রীড়াবিদদের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা নিশ্চিতের সমন্বিত কাঠামো হিসেবে গড়ে তোলার কথা রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইভেন্টে ৩২৫ জন নির্বাচিত জাতীয় ক্রীড়াবিদকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। তাঁদের মধ্যে প্রাথমিকভাবে ৩০০ জন নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন। এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ক্রীড়াবিদদের ভবিষ্যৎ আরও সুসংগঠিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি তাঁদের দায়বদ্ধতা বাড়াতে সহায়ক হবে।

কার্যক্রমটি আরও কার্যকর করতে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, ডিএমটিসিএল এবং বীমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভায় বিস্তারিত আলোচনা হয়।

প্রাথমিক পরিকল্পনায় ক্রীড়া কার্ডধারীদের দেশের সরকারি ও বেসরকারি গণপরিবহনে ছাড়যুক্ত ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করার বিষয়টি আলোচনায় এসেছে। একই সঙ্গে ক্রীড়াকালীন দুর্ঘটনা, উন্নত চিকিৎসার ব্যয় এবং জীবনের সার্বিক ঝুঁকি মোকাবিলায় তাঁদের বিশেষ স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুকিবীমার আওতায় আনার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলো অংশীদার হিসেবে কাজ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বিআইডাব্লিউটিএ-এর সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, ডিএমটিসিএল-এর পরিচালক মো. আমিনুর রহমান, জীবন বীমা কর্পোরেশনের জিএম আবু নাইম মো. মারুফ খান, বাংলাদেশ নৌপরিবহন মালিক সমিতির মহাপরিচালক ছিদ্দুকুর রহমান পাটোয়ারীসহ পরিবহন খাতের প্রতিনিধিরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত