×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১১:৪৫:৫০

শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে (ডিসিইউ) শিক্ষার্থীদের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। গতকাল রবিবার রাজধানীর বারিধারা ডিওএইচএসে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

এর এক দিন আগে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘নতুন এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে আমি বদ্ধপরিকর।’

লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন নবনিযুক্ত উপাচার্য। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক লুৎফর রহমানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ পদে তার মেয়াদ চার বছর।

অধ্যাপক লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম, অধ্যাপক ড. বোরহান উদ্দিন, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহীদুল্লাহ এবং রেজিস্ট্রার মো. শাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

তবে নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণের দিনই তার নিয়োগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে তারা নতুন উপাচার্যের নিয়োগ বাতিল এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহালের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বক্তব্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নিজস্ব যাত্রা শুরু করেছে। নতুন বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ