×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে প্রশিক্ষণের সুযোগ, জানুন বিস্তারিত

২০২৬ সেপ্টেম্বর ২২ ২০:১৬:৪৮

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে প্রশিক্ষণের সুযোগ, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে একটি কোর্স আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন। নির্বাচিত সাংবাদিকেরা ভারত সরকারের পূর্ণাঙ্গ অর্থায়নে হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোর্সটির তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনের আইটেক স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘সাংবাদিকতা ও জনসংযোগ (জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন্স)’ বিষয়ে সক্ষমতা-বৃদ্ধিমূলক এ কোর্স অনুষ্ঠিত হবে ২৫-৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। প্রশিক্ষণের স্থান হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।

কোর্সটি বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের জন্য প্রণয়ন করা হয়েছে। গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রের ব্যবহারিক দক্ষতার ওপর এতে গুরুত্ব দেওয়া হবে।

কর্মসূচির অংশ হিসেবে হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ থাকবে। কোর্সটি সফলভাবে শেষ করা অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হবে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, নির্বাচিত সাংবাদিকদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ সব ব্যয় ভারত সরকার বহন করবে। উল্লিখিত ক্ষেত্রগুলোতে ৫-১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর, ২০২৬।

আবেদন করতে এখানেক্লিক করুন

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত