ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
আইফোন ১৮ প্রোসহ নতুন চমক আনছে অ্যাপল
ডুয়া ডেস্ক: আজ বুধবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। এতে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোনের ঘোষণা আসতে পারে। নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং স্মার্ট হোমের কয়েকটি পণ্যও উন্মোচন করা হতে পারে। জন টার্নাস প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বে এটিই হতে যাচ্ছে অ্যাপলের প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান।
আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সে বড় পরিবর্তন
অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে পারে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মডেল দুটিতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। নতুন এই চিপের ফলে ফোনের কর্মক্ষমতার পাশাপাশি তাপ নিয়ন্ত্রণ ও ব্যাটারি ব্যবস্থাপনাতেও উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইফোনের ক্যামেরাতেও পরিবর্তন আসার গুঞ্জন রয়েছে। আইফোন ১৮ প্রো ম্যাক্সে পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা যুক্ত হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বিভিন্ন পরিবেশে ছবি তোলার ক্ষেত্রে আরও ভালো ফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। নতুন আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তন না এলেও ক্যামেরা মডিউল কিছুটা বড় হতে পারে।
বাড়তে পারে দাম
আইফোন ১৮ সিরিজের দাম নিয়ে প্রযুক্তি বিশ্বে বেশ কয়েক সপ্তাহ ধরে নানা ধরনের জল্পনা–কল্পনা চলছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও স্মার্টফোন তৈরির বিভিন্ন উপকরণ, বিশেষ করে র্যামের দাম বাড়ায় এবার নতুন আইফোনের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু হতে পারে।
আসতে পারে প্রথম ভাঁজ করা আইফোন
আজকের অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোন। বিভিন্ন প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য নাম হিসেবে ‘আইফোন আলট্রা’র কথা বলা হচ্ছে। গুঞ্জন অনুযায়ী, বইয়ের মতো ভাঁজ করা যাবে ফোনটি। খোলার পর ভেতরে ৭ দশমিক ৮ ইঞ্চির একটি বড় পর্দা থাকবে। ভাঁজ করা অবস্থায় ব্যবহারের জন্য বাইরে প্রায় ৫ দশমিক ৩ ইঞ্চির আরেকটি পর্দা থাকতে পারে।
ফোনটিতে এ২০ প্রো চিপের পাশাপাশি ১২ গিগাবাইট মেমোরি থাকার কথাও শোনা যাচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। তবে টেলিফটো ক্যামেরা না থাকার সম্ভাবনাই বেশি। নিরাপত্তার জন্য ফোনটিতে ফেস আইডির পরিবর্তে টাচ আইডি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ফোনটির দাম ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে।
নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডস
আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচও উন্মোচন করতে পারে অ্যাপল। অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এ বড় ধরনের নকশাগত পরিবর্তনের পরিবর্তে স্বাস্থ্যসুবিধা ও সেন্সরে উন্নতি আনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এর নকশায় পরিবর্তন আসতে পারে। অনুষ্ঠানে দেখা মিলতে পারে এয়ারপডস ৫-এরও। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারপডসটিতে হৃৎস্পন্দন পরিমাপের সুবিধা যুক্ত হতে পারে।
অনলাইনে সরাসরি দেখা যাবে যেভাবে
অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত অতিথিরাই সরাসরি অংশ নেবেন। তবে বিশ্বজুড়ে অ্যাপলপ্রেমীদের জন্য অ্যাপলের ওয়েবসাইটে (apple.com) অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে অ্যাপল। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপলের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/user/apple) ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক