×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা

২০২৬ অক্টোবর ২৭ ১৫:২৭:৫০

এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ফল প্রকাশের বিষয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত তথ্য জানাবে শিক্ষা বোর্ড। এ নিয়ে আজ মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এইচএসসির ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর শনিবার ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক কর্মকর্তা বলেন, ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তাঁর সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। ওই সূত্র জানায়, ফল প্রকাশের অনুষ্ঠান রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হবে।

এর আগে ২৬ অক্টোবর সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় ও বোর্ডসংশ্লিষ্ট সূত্র জানায়, ফল প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি।

তথ্যমতে, গত শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা ছিল। তবে পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ