ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল 

২০২৬ আগস্ট ২০ ১৭:৩৮:৪২

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয় পেয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি ২৫৫ ভোট পান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী-কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।

ফলাফলের মধ্য দিয়ে ৭৮ বছর বয়সী মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার পথ পরিষ্কার হয়েছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় তার শপথ নেওয়ার কথা রয়েছে। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হবে।

রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার আগে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর তিনি দুটি পদ থেকেই সরে দাঁড়িয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুল নিজেও ভোট দিতে সংসদে উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ শুরুর সময় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ব্যালট বাক্সের সামনে যান তিনি। তারেক রহমান ভোট দেওয়ার পর মির্জা ফখরুল নিজের ভোট দেন। এরপর অন্য সংসদ সদস্যরা ভোট দেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিতে পারেন। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ৩৫০ আসনের সংসদে বর্তমানে সদস্য সংখ্যা ৩৪৯। এর মধ্যে বিএনপি ও মিত্র দলগুলোর সংসদ সদস্য ২৫০ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ৯০ জন, স্বতন্ত্র ৮ জন এবং ইসলামী আন্দোলনের একজন সদস্য রয়েছেন।

এবার মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর এটি রাষ্ট্রপতি পদে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। ওই বছর পঞ্চম জাতীয় সংসদে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

পরবর্তী সময়ে বিচারপতি শাহাবুদ্দীন আহমদ, ইয়াজউদ্দীন আহম্মেদ, জিল্লুর রহমান, মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন বিরোধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সর্বশেষ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার মেয়াদ ২০২৮ সালের ২৩ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। তবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। পরে বিএনপি সরকার গঠনের পাঁচ মাসের মাথায় গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

তার পদত্যাগের পর নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রয়োজন হয়। বৃহস্পতিবারের ভোটে মির্জা ফখরুলের বিজয়ের মধ্য দিয়ে সেই নির্বাচনী প্রক্রিয়া শেষ হলো।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জেনে নিন আজকের বাজারে স্বর্ণের দাম

জেনে নিন আজকের বাজারে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দামেই বুধবার স্বর্ণ বিক্রি হচ্ছে। গত শনিবার স্বর্ণের দাম ভরিতে... বিস্তারিত