ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

২০২৬ আগস্ট ০৭ ১৮:৩৬:৫৬

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর সম্প্রতি প্রথমবারের মতো এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেন। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দুই বছরের নির্বাসন ভেঙে দেশে ফিরতে, তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাসহ সব অভিযোগের বিচার মোকাবিলা করতে এবং বিদায়ী সিরিজ খেলতে প্রস্তুত।

দেশে ফেরার বিষয়ে দ্রুততম সময়ের কথা আগেও উল্লেখ করেছিলেন সাকিব। একই অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এখনই দেশে ফিরতে চান। তবে তা সম্ভব না হলে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা থাকা শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন। এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা আগামী ডিসেম্বরে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরবেন।

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ উল্লেখ করে সাকিব বলেন, ‘অধিনায়ক যা বলেন, আমরা তাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন, আর আমরা তাদের নির্দেশনা মেনে চলব।’

বর্তমানে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে অংশ নিতে দেশটিতে অবস্থান করছেন সাকিব। সেখান থেকে ফোনে রয়টার্সকে তিনি বলেন, ‘সরকার যদি আমাকে ক্লিয়ারেন্স দেয় এবং আমার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে আমি দেশে ফিরে আদালতের বিচারসহ যা যা করার প্রয়োজন, সবকিছুর মুখোমুখি হতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’ গত দুই বছর বিদেশে কাটানোর অভিজ্ঞতা নিয়ে এটিই ছিল তার সবচেয়ে বিস্তারিত বক্তব্য।

সাবেক এই অধিনায়কের বর্তমান পরিস্থিতিকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর সৃষ্ট বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার অনেক সহযোগীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ায় তাদের দেশে ফেরা জটিল হয়ে পড়েছে। সাকিব আল হাসানের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার দাম প্রকাশ করা হয়েছে। ক্যারেটভেদে স্বর্ণ ও রুপার দামে পার্থক্য রয়েছে। আজকের স্বর্ণের... বিস্তারিত