×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনা আর কোনো দিন দেশে ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী

২০২৬ নভেম্বর ০৮ ১৮:৩০:৫৭

শেখ হাসিনা আর কোনো দিন দেশে ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে একজন নেত্রী পালিয়েছেন। তিনি শেখের মেয়ে শেখ হাসিনা। এ জীবনে তিনি আর কোনো দিন দেশে ফিরবেন না।

রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘আমরা চাই, শেখ হাসিনা ফিরুন। তিনি ফিরে আদালতে যাবেন, কারাগারে যাবেন। তাঁর বিরুদ্ধে অসংখ্য গণহত্যার অভিযোগ রয়েছে। কিন্তু তিনি ফিরবেন না। কুৎসা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কাজে লাগাবেন।’

তিনি বলেন, বাংলাদেশে নাশকতার কোনো জায়গা নেই। দেশ এখন গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিরোধী দল প্রায়ই লংমার্চ করছে এবং নানা ধরনের হুমকি ও আলটিমেটাম দিচ্ছে। দেশে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী যখন দেশ-বিদেশে চেষ্টা করছেন, তখন হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করে তেলের অপচয় করা হচ্ছে। এটি নিন্দনীয়।

মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, সরকারকে পাঁচ বছর সময় দিতে হবে। পাঁচ বছর পর আবার ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচন হবে। তখন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, দিনের ভোট রাতে হবে না এবং একজনের ভোট অন্য কেউ দিতে পারবেন না।

বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আহমেদ আযম খান বলেন, অস্থিরতা ও অযথা হুমকির কারণে জনগণের উন্নয়ন ব্যাহত হলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ আলম, সিনিয়র সহসভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, সহসভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল প্রমুখ।

সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত