×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

অবসর ও কল্যাণ ভাতা পাবেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী

২০২৬ নভেম্বর ০৮ ১৭:০২:১৮

অবসর ও কল্যাণ ভাতা পাবেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেতে ভোগান্তি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি এবং পাওনা পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা পাওয়ার বিষয়ে অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি অর্থপ্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রোববারের বৈঠকে ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদন করা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও জানান, প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন। দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মোছা. তাহসিনা রুশদীর এমপি, মো. সেলিমুজ্জামান মোল্যা এমপি, মো. জাহান্দার আলী মিয়া এমপি, বীথিকা বিনতে হোসাইন এমপি, মো. মুজিবুর রহমান এমপি এবং আতিকুর রহমান মোজাহিদ এমপি অংশগ্রহণ করেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত