ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশসহ ১৪ দেশের নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সৌদি আরবের উদ্যোগে ১৪ দেশের একটি নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশও এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য। আন্তর্জাতিক বাণিজ্যপথ, জ্বালানি সরবরাহ এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা আসে। বৈঠকে ৪৩টি দেশের সামরিক প্রধান ও প্রতিনিধির পাশাপাশি সৌদি আরবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল অংশ নেয়। এছাড়া সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশগ্রহণের জন্য ৫০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়।
যৌথ ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সংশ্লিষ্ট কনভেনশনের আলোকে বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে জোটটি। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যপথ, জ্বালানি পরিবহন রুট এবং অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো হবে।
জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিসর, জর্ডান, ইয়েমেন, বাংলাদেশ, নাইজেরিয়া, সুদান, জিবুতি ও সোমালিয়া।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যিক জাহাজ চলাচল ও সামুদ্রিক নিরাপত্তার বিরুদ্ধে বিদ্যমান হুমকি মোকাবিলাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। সদস্য দেশগুলো স্পষ্ট করেছে, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি জোট এবং কোনো নির্দিষ্ট দেশ বা সংস্থাকে লক্ষ্য করে গঠন করা হয়নি। আন্তর্জাতিক আইন মেনে এবং সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই এর কার্যক্রম পরিচালিত হবে।
ঘোষণা অনুযায়ী, সৌদি আরব জোটটির প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি জোটের স্থায়ী সদর দপ্তরও সৌদি আরবে স্থাপন করা হবে।
বৈঠকে জোটের খসড়া সনদ, সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং পরিচালন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সদস্য দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদেরা এখন সনদ চূড়ান্ত করা এবং নিজ নিজ দেশের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করার কাজ এগিয়ে নেবেন। এরপর আনুষ্ঠানিকভাবে জোটটির কার্যক্রম শুরু হবে।
সৌদি আরব জানিয়েছে, একই লক্ষ্য ও উদ্দেশ্যে আগ্রহী অন্যান্য দেশের জন্যও ভবিষ্যতে এই জোট উন্মুক্ত থাকবে। দেশটির মতে, বৈশ্বিক বাণিজ্যপথ ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি