×

ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

২০২৬ অক্টোবর ২৪ ১৭:২৭:১৫

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: কোনো মামলায় গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এমনকি পরিস্থিতি অনুযায়ী তাঁকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণার মতো পরিণতিও হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়। এর উদ্দেশ্য, অভিবাসন আইন এবং এর সম্ভাব্য আইনি পরিণতি সম্পর্কে ভিসাধারীদের স্পষ্ট ধারণা দেওয়া।

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই যে সব পরিস্থিতিতে দেশটিতে প্রবেশ বা অবস্থানের অধিকার নিশ্চিত হয়, বিষয়টি এমন নয়। সংশ্লিষ্ট ব্যক্তির পরিস্থিতি ও প্রচলিত আইনি বিধিবিধানের ওপর নির্ভর করে ভিসার বৈধতা কিংবা যুক্তরাষ্ট্রে অবস্থানের যোগ্যতা পরিবর্তিত হতে পারে।

এর আগে আরেকটি বার্তায় ভিজিটর ভিসা বা বি১/বি২ ভিসার সঠিক ব্যবহার নিয়ে পরামর্শ দিয়েছিল মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়, এই ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য প্রযোজ্য। এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ঘোরাঘুরি, ছুটি কাটানো, কেনাকাটা, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন ব্যবসায়িক সভা ও সম্মেলনে অংশ নেওয়া যায়।

তবে বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সাধারণ চাকরি করা বা অনুমোদনহীন কাজে যুক্ত হওয়া সম্পূর্ণ বেআইনি। ভ্রমণকারীকে ভিসার ধরন এবং যে উদ্দেশ্যে সেটি দেওয়া হয়েছে, সে অনুযায়ীই যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অবস্থান করতে হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত