ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
জাতিসংঘের মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে ট্রাম্পের সঙ্গে সুইস বংশোদ্ভূত ইনফান্তিনোর ঘনিষ্ঠতা তৈরি হয়। ৫৬ বছর বয়সী এই ফুটবল প্রশাসক ট্রাম্পকে বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেন। এমনকি গত ডিসেম্বরে তাকে ফিফার প্রথম ‘শান্তি পুরস্কার’ও প্রদান করেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে, ট্রাম্পের বিশ্বাস ইনফান্তিনো ‘সারা বিশ্বে সবার কাছে সম্মানিত এবং মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি বিশেষ ক্ষমতা তার রয়েছে।’
বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরের শেষে শেষ হবে। এরপরই নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।
এই পদে নির্বাচিত হতে হলে ইনফান্তিনোকে প্রথমে জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হবে। পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। এরপর সাধারণ পরিষদের অনুমোদনও প্রয়োজন হবে।
তবে ইনফান্তিনো নিজে এ পদে আগ্রহী কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ট্রাম্প তার সঙ্গে কোনো আলোচনা করেছেন কি না, সেটিও জানা যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প মনে করছেন এ পদে ইনফান্তিনোর জন্য একটি বাস্তব সুযোগ রয়েছে। তার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বাকি সাতজন সম্ভাব্য প্রার্থীকে ‘দুর্বল’ বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন চিলির সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মিশেল বাশেলে। তবে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আপত্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আর্জেন্টিনার রাফায়েল গ্রসিও রয়েছেন সম্ভাব্য প্রার্থীদের তালিকায়। বর্তমানে তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুকে কেন্দ্র করে তার প্রার্থিতায় যুক্তরাজ্যের আপত্তি আসতে পারে।
ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব নির্বাচনের প্রচলিত ধারা ভেঙে যাবে। ওই অঞ্চল থেকে সর্বশেষ মহাসচিব ছিলেন পেরুর হাভিয়ের পেরেজ দে কুইয়ার, যিনি ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
তবে একাধিক সূত্রের দাবি, ভৌগোলিক অঞ্চলভিত্তিক পালাক্রমে মহাসচিব নির্বাচনের যে নমনীয় নীতি জাতিসংঘে প্রচলিত রয়েছে, তা ইনফান্তিনোর জন্য বড় বাধা হবে না। বরং একাধিক দেশ থেকে তিনি মনোনয়ন পেতে পারেন।
ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ‘শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তাতেই এমন একটি যুগান্তকারী ধারণা আসতে পারত। ইনফান্তিনো দারুণ কাজ করবেন এবং তাকে সবাই পছন্দ করে।’
তিনি আরও বলেন, ইনফান্তিনো জাতিসংঘের বিশাল প্রশাসনিক কাঠামোতে নতুন প্রাণ সঞ্চার করতে পারবেন। খেলাধুলার মাধ্যমে নতুন সেতুবন্ধন গড়ে তোলা এবং বিশ্বের তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করার সক্ষমতাও তার রয়েছে।
জাম্পোল্লির ভাষ্য, ‘জাতিসংঘে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে কাজ করতে হয়। ফিফাতেও ২০০টির বেশি সদস্য রয়েছে। জিয়ান্নির সফল অভিজ্ঞতা প্রমাণ করে, তিনি এমন বড় পরিসরের সংগঠন পরিচালনা করতে জানেন।’
জাতিসংঘের বৈশ্বিক সংকট মোকাবিলায় নিষ্ক্রিয়তা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন ট্রাম্প। গত বছর তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন একটি ‘বোর্ড অব পিস’ গঠন করেন। তখন অনেকেই এটিকে জাতিসংঘের বিকল্প সংস্থা হিসেবে দেখলেও ট্রাম্প সেই ধারণা নাকচ করেন। তিনি বলেন, জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকায় দেখতে চান তিনি। একই সময়ে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতাও সম্পন্ন হয়।
হোয়াইট হাউসে ফেরার পর গত বছর থেকেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদান উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেন ট্রাম্প। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনেস্কো এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদসহ বিভিন্ন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে আসে।
প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনো যদি জাতিসংঘের মহাসচিব হন, তাহলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংস্থাটির সম্পর্ক উন্নত হতে পারে। তবে এতে তার ব্যক্তিগত আয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বর্তমানে ফিফার সভাপতি হিসেবে ইনফান্তিনোর বার্ষিক আয় প্রায় ৬০ লাখ ডলার। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক বেতন প্রায় ৪ লাখ ১৮ হাজার ডলার।
এদিকে ইনফান্তিনো ইতোমধ্যে ফিফা সভাপতির পদে পুনর্নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন। আগামী মার্চে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)