×

ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জ্বালানির দাম বাড়লেও যুদ্ধ থেকে লাভের দাবি ট্রাম্পের

২০২৬ অক্টোবর ২৬ ১২:২৮:১১

জ্বালানির দাম বাড়লেও যুদ্ধ থেকে লাভের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের মিশিগানে পেট্রলের গড় দাম প্রতি গ্যালনে ২.৯১ ডলার থেকে বেড়ে ৪.৮৩ ডলারে দাঁড়িয়েছে। রোববার এ দাম ছিল ৪.৮৩ ডলার। যুদ্ধের জবাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করেছে তেহরান। এতে জ্বালানির দাম বেড়েছে। তবে এর মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই যুদ্ধ থেকে তাঁর দেশ লাভবান হচ্ছে।

ট্রাম্প শুরুতে বলেছিলেন, যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলবে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও এর অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রোববার ট্রাম্প বলেন, যুদ্ধ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তাঁর ভাষায়, ‘সিদ্ধান্তটা আমি নিয়েছি। আমি দ্বিতীয়বার ভাবছি না।’

ট্রাম্পের ধারণা ছিল, পেট্রলের দাম আরও অনেক বেড়ে যাবে। যুদ্ধের ঝুঁকির কথা তুলে ধরে তিনি নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তিও দেন। তিনি বলেন, ‘সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র নিঃসন্দেহে ইরান। আমাদের নিশ্চিত করতে হয়েছিল, তারা যেন পরমাণু অস্ত্র না পায়।’

ইরান অবশ্য বলেছে, তারা পরমাণু অস্ত্র চায় না। দেশটি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উদ্দেশ্য বেসামরিক জ্বালানির চাহিদা পূরণ। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প বলেছিলেন, ২০২৫ সালের জুনে ইরানের সমৃদ্ধকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পরমাণু কর্মসূচি ‘ধ্বংস করে দিয়েছে’।

জীবনযাত্রার ব্যয় ও পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ যখন উদ্বিগ্ন, তখন ট্রাম্প গর্ব করে বলছেন, এই যুদ্ধ থেকে মার্কিন তেল কোম্পানিগুলো বিপুল মুনাফা করছে। সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা বেড়েছে।

ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে যা ঘটেছে, তার কারণে আমাদের দেশ শত শত কোটি ডলার কামাচ্ছে। কারণ তারা আসছে টেক্সাসে, ওকলাহোমায়, লুইজিয়ানায়। সেখান থেকে তেল নিচ্ছে। তারা শত শত কোটি ডলার কামাচ্ছে।’

তিনি আরও বলেন, তাঁর উপদেষ্টারা তাঁকে এ বিষয়টি উল্লেখ করতে নিষেধ করেছিলেন। কারণ, মানুষ এখন ‘একটু বেশি’ দাম দিচ্ছে। ট্রাম্পের কথায়, ‘আমি এখনই দেখতে পাচ্ছি ভুয়া শিরোনামটা: প্রেসিডেন্ট ট্রাম্প সব টাকার কথা বলছেন, আর মানুষ পাম্পে কষ্ট পাচ্ছে। এটাই হবে শিরোনাম। আমি বললাম, আমি পরোয়া করি না। আমি বলবই। আমরা বিশাল সম্পদ কামাচ্ছি।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত