ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

পূর্বঘোষিত প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে এসেছে: আখতার

২০২৬ জুলাই ২২ ১০:০৯:১৫

পূর্বঘোষিত প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে এসেছে: আখতার

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় রাষ্ট্র সংস্কার, প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও সরকারি সেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা। এ সময় বিএনপির বিভিন্ন নীতি ও সংস্কার বাস্তবায়ন নিয়েও সমালোচনা করেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতার হোসেন, মুখ্য সংগঠক মো. সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক মো. নাসির উদ্দিন পাটোয়ারী।

বক্তব্যে আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোটে অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সেই জনমতের যথাযথ প্রতিফলন ঘটাতে পারেনি। তার অভিযোগ, রাষ্ট্র সংস্কার বিষয়ে পূর্বঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে এসেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ শুধু স্বৈরশাসনের অবসান নয়, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। ভোটাধিকার, প্রশাসনের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, সীমান্ত নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি-সমর্থিত প্রার্থীদের অংশগ্রহণের ঘোষণাও দেন।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন, সরকারি বিভিন্ন দপ্তরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রভাবের কারণে কর্মকর্তা-কর্মচারীরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। তার অভিযোগ, টেন্ডার কার্যক্রমে রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বেড়েছে এবং কিছু সরকারি কর্মকর্তা দলীয় পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছেন।

তিনি আরও বলেন, গণভোট, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। পাশাপাশি উন্নয়ন বাজেট বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে আরও পেশাদার করার আহ্বান জানান।

মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে সংস্কারের প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, তা উপেক্ষিত হচ্ছে। তার দাবি, দেশের অধিকাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকলেও একটি গোষ্ঠী পুরোনো রাজনৈতিক ধারাকে টিকিয়ে রাখতে চায়।

তিনি জলঢাকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি সুবিধা বণ্টনে দুর্নীতির অভিযোগ করেন। একই সঙ্গে সীমান্ত, কূটনীতি ও জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেন।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিয়নসহ দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জুলাই পদযাত্রার এই পথসভায় রাষ্ট্র সংস্কার, প্রশাসনিক জবাবদিহি এবং রাজনৈতিক প্রভাবের বিভিন্ন বিষয় তুলে ধরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এনসিপির শীর্ষ নেতৃত্ব।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত