×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র ধর্মীয় প্রতিষ্ঠান: ববি হাজ্জাজ

২০২৬ অক্টোবর ২০ ২১:৫০:৫১

মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র ধর্মীয় প্রতিষ্ঠান: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় প্রতিষ্ঠান কেবল উপাসনার স্থান নয়, নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও আনন্দ বিনিময় করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

শিশু-কিশোর ও তরুণদের সুশিক্ষা, নৈতিকতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নিজ নিজ এলাকার প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়েই ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে তিনিও আনন্দিত বলে জানান। এলাকার মানুষের সুখ-দুঃখ ও সমস্যা সমাধানে জনপ্রতিনিধি হিসেবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সরবরাহের সমস্যা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে কাজ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এলাকায় একাধিকবার পরিদর্শন ও মেরামতের কাজ করা হয়েছে। তবে গ্যাসসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ববি হাজ্জাজ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ