ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গণঅভ্যুত্থানের পর দেশে মাদকের বিস্তার আরও ভয়াবহ হয়েছে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এলেও মাদকের বিস্তার আগের চেয়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, শুধু আলোচনা করে নয়, মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকারের কঠোর পদক্ষেপ ছাড়া এ সংকট মোকাবিলা সম্ভব নয়।
সোমবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরের গভীর ষড়যন্ত্র’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমি যদি সত্য কথা বলি, তাহলে সরকার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব একটা খুশি হবে না। একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে। গত সরকার ছিল ফ্যাসিস্ট ও গণবিরোধী সরকার, আর সেই সময়ও মাদক একটি বড় সমস্যা ছিল। কিন্তু পরিবর্তনের পর আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয়েছে, আমি যে গলিতে থাকি সেখানে মাদকের বিস্তার এতটাই ভয়াবহ হয়েছে যে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। কিছু বলাও যাচ্ছে না। স্থানীয় প্রশাসনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। তারা সম্মান দেখিয়েছেন, অঙ্গীকারও করেছেন যে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু একটি ছোট গলির অভিজ্ঞতাই যদি সারা দেশের চিত্র হয়, তাহলে আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি।’
তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের মানুষ। মাদকের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কক্সবাজার নিয়ে সংসদেও সম্প্রতি আলোচনা হয়েছে। তার মতে, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও আন্দোলন সবকিছুই মাদকের কারণে ধ্বংস হয়ে যেতে পারে।
শিক্ষার্থীদের মাদকাসক্তির প্রসঙ্গ তুলে বিএনপির এ নেতা বলেন, শুধু শিক্ষার্থীরা মাদকে জড়িয়ে পড়ছে এ কথা বললেই হবে না, তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে। কোনো তরুণ-তরুণী মাদকের প্রতি আকৃষ্ট হলেই সবকিছু শেষ হয়ে যায় না। কীভাবে তাদের সেই পথ থেকে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলা সহজ হলেও, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিরা কতটা ক্ষমতাশালী, বিত্তবান ও প্রভাবশালী—তা সবাই কমবেশি জানেন। তাই জনাব তারেক রহমান যে ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, সেটি বাস্তবায়ন করতে হলে যেকোনো শর্তে, যেকোনোভাবে তার পাশে দাঁড়াতে হবে। তার হাত শক্তিশালী না করা পর্যন্ত এসব আলোচনা বাস্তবে রূপ নেবে না।
শামসুজ্জামান দুদু বলেন, ছোটবেলা থেকে সবাই শুনে আসছে শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যদি মাদকের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, তাহলে জাতির ভবিষ্যৎও ধ্বংস হবে। মাদকের পাশাপাশি আরেকটি ফ্যাসিস্ট শক্তিও রয়েছে, যারা চায় না দেশ সুন্দরভাবে এগিয়ে যাক। তাই ১৮ বছরের আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, সেটিকে অর্থবহ করতে না পারলে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে যথাযথ দায়িত্ব পালন করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে। তার ভাষায়, এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গণতন্ত্রকে রক্ষা করা।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, মহলবিশেষ দেশকে ধ্বংস করতে চায়। পার্শ্ববর্তী দেশও সেই সুযোগের অপেক্ষায় আছে। যারা সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের আশ্রয় দেওয়া হয়েছে এমন সংবাদও দেখা যাচ্ছে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের হাত এবং তারেক রহমানের হাত শক্তিশালী করে তাকে সমর্থন দেওয়ার আহ্বানও জানান তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম, সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল