ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

মালয়েশিয়ায় ইসরাইলিদের জায়গা নেই: আনোয়ার ইব্রাহিম

২০২৬ জুলাই ১৭ ২১:৫৯:৩০

মালয়েশিয়ায় ইসরাইলিদের জায়গা নেই: আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

দক্ষিণ এশিয়ার এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। সম্প্রতি দেশটির জোহর রাজ্যে গড়ে ওঠা একটি ডিজিটাল যাযাবর ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরাইলিদের উপস্থিতির অভিযোগ ওঠার পর এ কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, “আমরা যদি কোনো ইসরাইলি নাগরিকের খোঁজ পাই, তবে তাদের অবিলম্বে বহিষ্কার করব। কারণ আমরা ইসরাইলকে স্বীকৃতি দিই না।”

তিনি জানান, জোহর রাজ্যের বহুল আলোচিত শত কোটি ডলারের আবাসন প্রকল্প ‘ফরেস্ট সিটি’-তে গড়ে ওঠা ‘নেটওয়ার্ক স্কুল’ নামের একটি কমিউনিটিতে ইসরাইলিরা যুক্ত রয়েছে কি না, তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কয়েনবেসের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও মার্কিন বিনিয়োগকারী বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত ‘নেটওয়ার্ক স্কুল’ মূলত ইন্টারনেটভিত্তিক জনগোষ্ঠীকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, কিছু ইসরাইলি নাগরিক দ্বৈত নাগরিকত্ব ব্যবহার করে অন্য দেশের পাসপোর্টে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন এবং ওই প্রকল্পে অংশ নিয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী ইসরাইলিদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ। এ কারণে বিষয়টি খতিয়ে দেখছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জোহর রাজ্যের মুখ্যমন্ত্রী ওন হাফিজ গাজি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রকল্পটির প্রতিটি কার্যক্রম গভীরভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয়, জাতীয়তা, ভ্রমণ নথিপত্র এবং দ্বিতীয় পাসপোর্ট ব্যবহারের বিষয়টি যাচাই করা হচ্ছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পক্ষকেই জোহরের মাটি ব্যবহার করে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী আদর্শ প্রচারের সুযোগ দেওয়া হবে না।

তবে এখন পর্যন্ত অভিবাসন বিভাগ ফরেস্ট সিটির ওই প্রকল্পে অবস্থানরত ৪০টি দেশের ২৬৬ জন বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা করে সবার বৈধতা নিশ্চিত করেছে।

১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই মালয়েশিয়া ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান ধরে রেখেছে এবং ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

চলমান তদন্তে এখন পর্যন্ত কোনো ইসরাইলি নাগরিককে শনাক্ত করা গেছে কি না, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা... বিস্তারিত