ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ইউজিসির নতুন প্রশিক্ষণ কর্মসূচি

২০২৬ জুলাই ০৯ ১৫:১০:১২

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ইউজিসির নতুন প্রশিক্ষণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান-উপযোগী সক্ষমতা গড়ে তুলতে স্বল্পমেয়াদি সফট স্কিলভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য চালু হচ্ছে দুই দিনের ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’।

বৃহস্পতিবার (৯ জুলাই) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন বিষয়ে হিট প্রকল্প অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত প্রশিক্ষণ কর্মসূচিতে সফট স্কিল, নৈতিকতা ও মূল্যবোধ, কর্মসংস্থান-উপযোগী দক্ষতা এবং জীবনমুখী বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তবে প্রশিক্ষণের বিষয়বস্তু চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতি (স্কিল গ্যাপ) ও প্রয়োজন নির্ধারণে একটি মূল্যায়ন পরিচালনা করা হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আগামী তিন মাসের মধ্যে কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। তবে কোন বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন এবং কী পরিসরে প্রশিক্ষণ দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কর্মদক্ষতা, নৈতিকতা এবং জীবনঘনিষ্ঠ সক্ষমতা উন্নয়নে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য দুই দিনের ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ আগামী মাসে শুরু হতে পারে। এতে কৌশলগত নেতৃত্ব, সুশাসন, বিশ্ববিদ্যালয় পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনাসহ উচ্চশিক্ষা প্রশাসনের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ড. মামুন আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের সাবেক উপাচার্যদের এ কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে। তাঁদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয় প্রশাসকরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাবেন। পাশাপাশি নিজেদের মধ্যেও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র তৈরি হবে।

এ ছাড়া সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের জন্য সাত দিনের একটি সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হচ্ছে। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে ইউজিসির কৌশলগত পরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে। সরকারের অগ্রাধিকার ও বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতি মাসের মধ্যেই পরিকল্পনাটি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত