ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

নতুন পে-স্কেলের আগেই ইনক্রিমেন্টে বঞ্চিত সরকারি কর্মচারীরা

২০২৬ জুলাই ০১ ২০:৪০:৫২

নতুন পে-স্কেলের আগেই ইনক্রিমেন্টে বঞ্চিত সরকারি কর্মচারীরা

ডুয়া ডেস্ক: নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পুরোনো বেতন কাঠামো অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্টের অপশন চালু করায় বঞ্চনার অভিযোগ তুলেছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক। তার দাবি, নতুন পে-স্কেলের সুবিধা থেকে কর্মকর্তা-কর্মচারীদের বঞ্চিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

সাক্ষাৎকারে আব্দুল মালেক সরকারি চাকরিতে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টের ইতিহাস এবং বর্তমান ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, সরকারি চাকরিতে প্রতি বছরের ১ জুলাই থেকে ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কার্যকর হওয়ার কথা। তবে অতীতে এই পদ্ধতি ভিন্ন ছিল। আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী যে তারিখে চাকরিতে যোগ দিতেন, পরের বছর একই তারিখে এক বছর পূর্ণ হলে তিনি ইনক্রিমেন্ট পেতেন। অর্থাৎ, যোগদানের তারিখ অনুযায়ী ইনক্রিমেন্ট কার্যকর হতো।

আব্দুল মালেক জানান, ২০১৫ সালের পর অনলাইন পে-ফিক্সেশন ব্যবস্থা ‘আইবাস প্লাস প্লাস’ (iBAS++) চালু হওয়ার পর হিসাব ব্যবস্থাপনা সহজ করতে সব কর্মকর্তা-কর্মচারীর ইনক্রিমেন্টের তারিখ ১ জুলাই নির্ধারণ করা হয়। তার ভাষ্য, আইবাস ব্যবস্থার সুবিধার্থেই সবার জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, নতুন পে-স্কেলের গেজেট এখনো প্রকাশ না হওয়ায় চলতি বছরের ১ জুলাইয়ের ইনক্রিমেন্ট সবাইকে পুরোনো স্কেল অনুযায়ী নিতে হচ্ছে। অথচ নতুন পে-স্কেল কার্যকর হওয়ার পর ইনক্রিমেন্ট দেওয়া হলে সাধারণ কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতেন।

উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমানে কোনো কর্মচারীর মূল বেতন যদি পুরোনো স্কেলে ৮ হাজার ২৫০ টাকা হয়, তাহলে ৫ শতাংশ ইনক্রিমেন্টে তার বেতন বাড়ে ৪০০ টাকার কিছু বেশি। কিন্তু নতুন পে-স্কেল কার্যকর হয়ে ওই বেতন ২০ হাজার টাকা হলে একই হারে ইনক্রিমেন্ট প্রায় ১ হাজার টাকা হতো। ফলে বেতন বৃদ্ধির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেশি হতো।

গেজেট প্রকাশের আগে ইনক্রিমেন্টের অপশন চালু করার পেছনে সরকারের অর্থ সাশ্রয়ের উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন আব্দুল মালেক। তিনি বলেন, নতুন স্কেলে ইনক্রিমেন্ট কার্যকর হলে সরকারের ব্যয় বাড়ত। সে কারণেই পুরোনো স্কেল অনুযায়ী ইনক্রিমেন্ট কার্যকর করতে আগেভাগে অপশন চালু করা হয়েছে। এতে সরকারি কর্মচারীরা বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের পর যদি সেই বেতন কাঠামোর ভিত্তিতে ইনক্রিমেন্ট গণনা করা হতো, তাহলে দেশের সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রকৃত অর্থেই বেশি লাভবান হতেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত