ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দুই দেশের সহযোগিতায় নতুন সম্ভাবনা’

২০২৬ জুন ২২ ১৫:১১:১৪

‘প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দুই দেশের সহযোগিতায় নতুন সম্ভাবনা’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালু, অভিবাসন ব্যয় হ্রাস এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি, শিক্ষা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সম্মতি হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে সোমবার দেশটির শাংগ্রি লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

মাহ্দী আমিন জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। প্রায় ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং দেশটির রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার এর সঙ্গে বৈঠক করেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানসহ একটি ছোট প্রতিনিধিদল।

কুয়ালালামপুরে পৌঁছে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার, শিক্ষা, পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ প্রেক্ষাপটে নয়টি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ৩৩ দফার যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

মাহ্দী আমিন আরও জানান, দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। বাংলাদেশের প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ, পাশাপাশি হালাল পণ্যের সনদ, গবেষণা, প্রশিক্ষণ এবং দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কম খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরির অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মালয়েশিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা বা কারাবন্দী বাংলাদেশিদের মানবিক বিবেচনায় বৈধতা দেওয়া অথবা নিরাপদ প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে।

জ্বালানি খাতে এলএনজি, তেল, গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তিতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।

সফরে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমন বিষয়ে দুটি ‘এক্সচেঞ্জ অব নোটস’ স্বাক্ষরিত হয়েছে বলেও জানান মাহ্দী আমিন। তিনি বলেন, পেট্রোনাস, আজিয়াটা, এয়ারএশিয়া, পার্ডুয়া এবং এমএমসি পোর্টের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সব মিলিয়ে এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার জন্য বিস্তৃত সম্ভাবনা তৈরি করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা... বিস্তারিত