ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্য খাতকে আধুনিক ও মানবিক ভিত্তির ওপর দাঁড় করাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষায়, শহর ও গ্রাম সবখানেই মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম বিস্তারের মাধ্যমে একটি সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
আজ সোমবার ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা জানান। দিবসটি আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সব প্রাণ’।
প্রধানমন্ত্রী জানান, ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার প্রায় ৮০ শতাংশই নারী হবেন। পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু, জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা সহজ করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থা সম্প্রসারণ, স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়ন এবং চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যবিমা চালু ও ধীরে ধীরে বিস্তার, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গুরুত্ব বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
‘সেবাগ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে। এসব লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়া হবে জিডিপির ৫ শতাংশ’ এমন মন্তব্যও করেন তিনি।
তারেক রহমান বলেন, মানুষের পাশাপাশি প্রাণিকুল ও পরিবেশের স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। মানুষ, পশুপাখি ও পরিবেশ এই তিনটি উপাদান একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং একটির সুস্থতা অন্যগুলোর ওপর নির্ভরশীল। তাই ‘এক স্বাস্থ্য’ ধারণাকে গুরুত্ব দিয়ে চিকিৎসা, কৃষি, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, বৈশ্বিক অগ্রগতির ফলে স্বাস্থ্যসেবায় নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। দেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তির বিকল্প নেই। দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং (এমএল) প্রযুক্তির ব্যবহার ও বিস্তারকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‘বিএনপি সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’ যোগ করেন তিনি।
সবশেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দায়িত্বশীলতা, সততা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ, সবল ও উন্নত জাতি গড়ে তোলা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর