ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

জ্বালানির দাম বৃদ্ধি: আর্থিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের

২০২৬ মার্চ ২০ ১৮:৪২:৩৮

জ্বালানির দাম বৃদ্ধি: আর্থিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়ার ফলে পরিবারগুলোর উপর আর্থিক চাপ বেড়ে গেছে, এবং অনেক আমেরিকান মনে করছেন এই দাম আরও বাড়বে। রয়টার্স ও ইপসোসের এক সাম্প্রতিক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ জানিয়েছেন, পেট্রলের মূল্যবৃদ্ধি তাদের পরিবারের বাজেটে অন্তত কিছুটা প্রভাব ফেলেছে। এর মধ্যে ২১ শতাংশ জানিয়েছে, তাদের আর্থিক অবস্থা বড় ধরনের প্রভাবের মুখে পড়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে গ্যালনপ্রতি পেট্রলের দাম প্রায় এক ডলার বেড়ে গেছে। হামলার প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জ্বালানি স্থাপনায় আক্রমণ চালায় এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। পরিস্থিতি এতটাই জটিল যে, ট্রাম্প প্রশাসন অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৮৭ শতাংশ আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী এক মাসে জ্বালানির দাম আরও বাড়বে। একই সঙ্গে অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের স্থল অভিযান চালাতে পারে, যদিও এই পদক্ষেপের প্রতি সমর্থন কম।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “অর্থনীতি ভালো ছিল, কিন্তু ইরানে যা ঘটছিল তা মোকাবিলা করতে আমরা বাধ্য হয়েছি।”

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয়ই হবে নভেম্বরে ভোট প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যু। ৬৩ শতাংশ আমেরিকান ট্রাম্প প্রশাসনের ব্যয় নিয়ন্ত্রণকে অপছন্দ করছেন, এবং তার সমর্থন হার কমে ২৯ শতাংশে নেমে এসেছে।

অনলাইনে পরিচালিত জরিপে দেশজুড়ে ১,৫৪৫ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। জরিপের ত্রুটির সীমা প্রায় ৩ শতাংশ পয়েন্ট।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত