ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা

২০২৬ মার্চ ১৭ ২২:৪৪:১৭

স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা

নিজস্ব প্রতিবেদক: দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহতের নাম দীপা দাস, তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে গোপালগঞ্জ শহরতলীর ঘোনাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্বামীর সঙ্গে দীপার প্রচণ্ড ঝগড়া ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দীপা তাঁর স্বামী ও সন্তানকে ঘরের একটি কক্ষে আটকে রেখে কৌশলে পাশের ঘরে চলে যান। সেখানে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তাঁর স্বামী চিৎকার শুরু করলে বাড়ির কেয়ারটেকার ও প্রতিবেশীরা এসে দরজা ভেঙে দীপাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।

দ্রুত তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীপার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা বলেন, “দীপা অত্যন্ত মেধাবী ছিল। আমরা জানতে পেরেছি, পারিবারিক ঝগড়ার জেরে সে স্বামী ও সন্তানকে অন্য রুমে আটকে রেখে এই চরম পথ বেছে নিয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।” তাঁর সহপাঠী রিফাত ইসলাম জানান, এমন মেধাবী একজন মানুষের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার জানান, ময়নাতদন্তের রিপোর্ট ও প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হচ্ছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে পুলিশ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ