ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান

২০২৬ মার্চ ১৩ ২৩:২০:০৮

কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনলেও ব্যাটারদের চরম ব্যর্থতায় বড় হারের লজ্জা পেল বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। এই হারের ফলে তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে, যার ফলে আগামী রোববারের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন তিন টপ অর্ডার ব্যাটার। তানজিদ তামিম (১), সাইফ হাসান (১২) এবং নাজমুল হোসেন শান্ত (০) দ্রুত বিদায় নিলে বিপদে পড়ে দল। ৬.৩ ওভারে বাংলাদেশের স্কোর যখন ৩ উইকেটে ২৭ রান, তখন বৃষ্টির কারণে খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। রাত ৯টা ৩৫ মিনিটে পুনরায় খেলা শুরু হলে বৃষ্টি আইনে (DLS Method) বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। অর্থাৎ বাকি ২৫.৩ ওভারে আরও ২১৬ রান করতে হতো স্বাগতিকদের।

নতুন লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস ও তাওহীদ হৃদয় কিছুটা আশার আলো দেখাচ্ছিলেন। তবে ৩৩ বলে ৪১ রানের এক লড়াকু ইনিংস খেলে লিটন বিদায় নিলে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। এরপর ক্রিজে আসা আফিফ হোসেন লক্ষ্য ভুলে গিয়ে অত্যন্ত ধীরগতির এবং দৃষ্টিকটু ব্যাটিং করেন (১৫ বলে ১৪)। লিটন ফেরার পর হৃদয়ও নিজের খোলসে ঢুকে পড়েন এবং শেষ পর্যন্ত ২৮ রান করে বিদায় নেন। অধিনায়ক মিরাজ ও রিশাদ দ্রুত আউট হলে ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের পার্ট-টাইম স্পিনার মাজ সাদাকাত বল হাতেও চমক দেখিয়ে ৩টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ওপেনার মাজ সাদাকাতের ঝড়ো ৭৫ এবং সাহিবজাদা ফারহানের ৩১ রানের ওপর ভর করে দুর্দান্ত শুরু পায়। এক পর্যায়ে পাকিস্তানের স্কোর ছিল ৩ উইকেটে ২৩১ রান। তবে মিরাজের এক দুর্দান্ত রানআউটে সালমান আলী আগা (৬৪) এবং রিজওয়ান (৪৪) বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। মাত্র ৪৩ রানের ব্যবধানে শেষ ৭টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ২৭৪ রানেই অলআউট করে দেন তাসকিন-মিরাজরা।

কিন্তু বোলারদের সেই পরিশ্রম বৃথা করে দিয়েছেন ব্যাটাররা। রোববারের ফাইনালে সিরিজ জিততে হলে বাংলাদেশের ব্যাটিং বিভাগকে আমূল পরিবর্তন করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত