ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

শিলাবৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমল, বাংলাদেশের নতুন লক্ষ্য

২০২৬ মার্চ ১৩ ২১:৫৫:১০

শিলাবৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমল, বাংলাদেশের নতুন লক্ষ্য

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হানা দিয়েছে শিলাবৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে (DLS Method) ম্যাচের দৈর্ঘ্য ও লক্ষ্য উভয়ই পরিবর্তিত হয়েছে। নতুন নির্ধারিত ৩২ ওভারে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৩ রান।

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল। লক্ষ্য তাড়া করতে নেমে এখন টাইগারদের হাতে রয়েছে ২৫.৩ ওভার, আর সিরিজ নিশ্চিত করতে প্রয়োজন আরও ২১৬ রান। বর্তমানে ক্রিজে রয়েছেন লিটন কুমার দাস (১৩*) এবং তাওহীদ হৃদয় (০*)।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। এক সময় বড় সংগ্রহের পথে থাকলেও মিরাজ ও রিশাদের বোলিং তোপে শেষ ৭টি উইকেট হারায় মাত্র ৪৩ রানে। পাকিস্তানের পক্ষে মাজ সাদাকাত ও সালমান আলী আগা ফিফটি করেন। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ৩৪ রানে ২ উইকেট এবং রিশাদ হোসেন ৫৬ রানে ৩টি উইকেট শিকার করেন।

২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির বলে মাত্র ১ রানে ফেরেন আগের ম্যাচের নায়ক তানজিদ তামিম। এরপর সাইফ হাসান (১২) ও নাজমুল হোসেন শান্ত (০) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারানোর পর লিটন ও হৃদয় ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন, তখনই বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয়ে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে মিরাজ বাহিনী।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত