ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মার্চের ১১ দিনে কত রেমিট্যান্স এলো?

২০২৬ মার্চ ১২ ২০:১০:০৯

মার্চের ১১ দিনে কত রেমিট্যান্স এলো?

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। চলতি মার্চ মাসের প্রথম ১১ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯২ কোটি (১.৯২ বিলিয়ন) মার্কিন ডলার। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৭ কোটি ৪৫ লাখ ডলার।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের (১-১১ মার্চ) তুলনায় এবার প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছর এই সময়ে এসেছিল ১৩৩ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত) দেশে মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধির হার ২৩ দশমিক ২০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ডিসেম্বর মাসে দেশে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসার ধারাবাহিকতা বজায় রয়েছে।

কেন বাড়ছে রেমিট্যান্স?

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, মূলত ঈদকে ঘিরেই প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য বেশি করে অর্থ পাঠাচ্ছেন। এছাড়া হুন্ডি দমনে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনাও এই বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে আগামী দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। বর্তমানের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরেও নতুন রেকর্ড সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত