ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

১৭ বছর পর একটা কার্যকর সংসদ পেয়েছি: স্পিকার

২০২৬ মার্চ ১২ ১৭:৩৫:২১

১৭ বছর পর একটা কার্যকর সংসদ পেয়েছি: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। অধিবেশন পরিচালনা শুরু করতে গিয়ে মাইকের যান্ত্রিক ত্রুটির কারণে তার বক্তব্য সংসদ সদস্যরা শুনতে পাচ্ছিলেন না।

বৃহস্পতিবার অনুষ্ঠিত অধিবেশনের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। স্পিকার নির্বাচিত হওয়ার পর সংসদের শপথ কক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর তারা নিজ নিজ দপ্তরে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীরা তাদের অভিনন্দন জানান।

বিরতির পর দুপুর ১২টা ৫৭ মিনিটে নবনির্বাচিত স্পিকার সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করে স্পিকারের আসনে বসেন। তাকে স্বাগত জানাতে সংসদ নেতা তারেক রহমানসহ সব সংসদ সদস্য টেবিল চাপড়ে অভিনন্দন জানান।

এরপর দিনের কার্যসূচি শুরু করতে গিয়ে স্পিকার নিজেই মাইক চালু করার চেষ্টা করেন, কিন্তু সেটি কাজ করছিল না। বিষয়টি বুঝতে পেরে সংসদ সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। মাইক পরীক্ষা করেও কাজ না করায় পরে সার্জেন্ট অব আর্মস স্পিকারের কাছে একটি কর্ডলেস মাইক এনে দেন।

কর্ডলেস মাইক হাতে নিয়ে স্পিকার বলেন, আমাকে নির্বাচিত করায় আমি প্রত্যেক সদস্যদের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করছি। ১৭ বছর পর আমরা একটা কার্যকর সংসদ পেয়েছি। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে তার বক্তব্য অনেক সংসদ সদস্যই ঠিকভাবে শুনতে পারছিলেন না। এ সময় সংসদ নেতা তারেক রহমানসহ কয়েকজন সদস্যকে হেডফোন ব্যবহার করে বক্তব্য শোনার চেষ্টা করতে দেখা যায়।

পরিস্থিতির মধ্যে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলন দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মাননীয় স্পিকার আমরা আপনার কোনো কথা শুনছি না।’ জবাবে স্পিকার সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘ধৈর্য ধরেন। যাত্রিক ত্রুটি হয়েছে। দুই মিনিটের মধ্যে যাত্রিক ত্রুটি সেরে যাবে।’

এর মধ্যেই মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা গেলে স্পিকার অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নামও ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদের কার্যপ্রণালী বিধির ১২(১) বিধি অনুযায়ী ঘোষিত এই সভাপতিমণ্ডলীতে রয়েছেন বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, মনিরুল হক চৌধুরী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর এটিএ আজহারুল ইসলাম।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই সভাপতিমণ্ডলীর সদস্যরা নামের অগ্রাধিকারের ভিত্তিতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত