ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

বিশ্ব নারী দিবস আজ

২০২৬ মার্চ ০৮ ১০:১৫:৫৪

বিশ্ব নারী দিবস আজ

ডুয়া ডেস্ক: নারীর অধিকার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আজ ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। আলোচনা সভা, শোভাযাত্রা, সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং ব্যাংকের উদ্যোগে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান, আলোচনা সভা ও শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

অদম্য নারী পুরস্কারের আওতায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। একই সঙ্গে নারী অধিকার, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দেশজুড়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অ্যাকশনএইড বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগেও বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকেও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে।

এ বছর বিশ্বব্যাপী ‘গিভ টু গেইন’ (দিয়ে অর্জন) শীর্ষক প্রচারাভিযান পরিচালিত হচ্ছে, যেখানে নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতা ও সমতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে মহিলা অধিদফতর। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগেও দিবসটি পালন করছে।

নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবেও প্রতিবছরের মতো এ বছর নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এ বছর সম্মাননা পাচ্ছেন সাংবাদিক মমতাজ বানু।

অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ১০টায় র‍্যালির মাধ্যমে উদযাপন শুরু হবে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র মাহে রমজানের কারণে বাকি কর্মসূচি ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালিত হয়। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে আসছে।

যেভাবে শুরু হলো নারী দিবস

এক শতাব্দীরও বেশি সময় ধরে ৮ মার্চ নারী দিবস পালিত হয়ে আসছে। মূলত শ্রমিক আন্দোলনের মধ্য থেকেই দিবসটির সূচনা, যা পরবর্তীতে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কর্মঘণ্টা কমানো, ন্যায্য মজুরি এবং ভোটাধিকার দাবিতে প্রায় ১৫ হাজার নারী আন্দোলনে অংশ নেন। এই আন্দোলনের মধ্য দিয়েই নারী দিবস পালনের ধারণা প্রথম স্পষ্ট হয়ে ওঠে। এক বছর পর সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকা প্রথম জাতীয় নারী দিবস ঘোষণা করে।

পরে আন্তর্জাতিক পর্যায়ে দিবসটি পালনের প্রস্তাব দেন নারী অধিকারকর্মী ও কমিউনিস্ট নেত্রী ক্লারা জেটকিন। ১৯১০ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত কর্মজীবী নারীদের আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন এবং ১৭টি দেশের ১০০ নারী প্রতিনিধি তা সমর্থন করেন।

এরপর ১৯১১ সালে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। ২০১১ সালে দিবসটির শতবর্ষ উদযাপন করা হয়।

কেন ৮ মার্চ

আন্তর্জাতিক নারী দিবসের ধারণা দেওয়া হলেও শুরুতে নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত ছিল না।

১৯১৭ সালে রাশিয়ায় নারীরা ‘রুটি ও শান্তি’ দাবিতে ধর্মঘট শুরু করেন, যা তৎকালীন জার সরকারের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। পরে নতুন সরকার নারীদের ভোটাধিকার প্রদান করে। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ধর্মঘটটি শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৮ মার্চ। এরপর থেকেই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে নির্ধারিত হয়।

নারী দিবসের প্রতীকী রং

আন্তর্জাতিক নারী দিবসের প্রতীকী রং হিসেবে বেগুনি, সবুজ ও সাদা ব্যবহৃত হয়। বেগুনি ন্যায়বিচার ও মর্যাদার প্রতীক, সবুজ আশা এবং সাদা বিশুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত। এই রঙের ধারণা ১৯০৮ সালে যুক্তরাজ্যের উইমেনস সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন নির্ধারণ করেছিল।

পুরুষ দিবসও রয়েছে

নারী দিবসের পাশাপাশি আন্তর্জাতিক পুরুষ দিবসও পালন করা হয়। প্রতি বছর ১৯ নভেম্বর এই দিবসটি উদযাপিত হয়। যদিও এটি জাতিসংঘ স্বীকৃত নয়, তবু যুক্তরাজ্যসহ বিশ্বের ৮০টির বেশি দেশে দিনটি পালিত হয়।

বিশ্বজুড়ে উদযাপন

বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক নারী দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়। রাশিয়াসহ কয়েকটি দেশে ৮ মার্চকে কেন্দ্র করে ফুলের বিক্রি কয়েকগুণ বেড়ে যায়।

চীনের কিছু অঞ্চলে নারীদের অর্ধদিবস ছুটি দেওয়া হয়। ইতালিতে নারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রোমে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে মার্চ মাসকে নারীদের ইতিহাসের মাস হিসেবে পালন করা হয় এবং এ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট একটি ঘোষণাপত্র জারি করেন।

কেন এখনও প্রয়োজন নারী দিবস

বিশ্বের বহু দেশে এখনও নারীরা সমতা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করে যাচ্ছেন। যুদ্ধ, সহিংসতা ও নীতিগত পরিবর্তনের কারণে আফগানিস্তান, ইরান, ইউক্রেনসহ বিভিন্ন দেশে নারীরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর নারীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়েছে। অনেক ক্ষেত্রে বাইরে যেতে হলেও পুরুষ সঙ্গীর শর্ত আরোপ করা হয়েছে।

ইরানে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়, যেখানে নারীরা হিজাব পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান এবং বহু পুরুষও তাদের সমর্থন করেন।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা, দারিদ্র্য, অপুষ্টি ও লিঙ্গভিত্তিক সহিংসতা বেড়েছে, যার বড় ভুক্তভোগী নারী। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতেও গর্ভপাতের অধিকার নিয়ে তীব্র বিতর্ক চলছে।

বিশ্বজুড়ে এসব বৈষম্য ও বাধা দূর করে নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করেন নারী অধিকারকর্মীরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত