ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

সারা দেশে ধানের শীষ রেকর্ড ভোটে জয়ী হবে: সালাহউদ্দিন

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ২৩:০০:৩২

সারা দেশে ধানের শীষ রেকর্ড ভোটে জয়ী হবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের জন্মস্থান পেকুয়ায় ৭টি ইউনিয়নের হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল গণমিছিল ও পথসভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এই বিশাল কর্মসূচির মাধ্যমে তিনি তার নির্বাচনি শক্তির জানান দেন।

পেকুয়া উপজেলা সদরের কবির আহমদ চৌধুরীর বাজার থেকে শুরু হওয়া গণমিছিলটি বানৌজা সড়ক হয়ে সাকুরপাড় স্টেশনে গিয়ে এক বিশাল পথসভায় রূপ নেয়। এদিন জনস্রোতের মাঝে দাঁড়িয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণের এই উচ্ছ্বাস ও উদ্দীপনা জানান দিচ্ছে সারা দেশে ধানের শীষ রেকর্ড ভোটে জয়ী হবে। এখানেও বিপুল ভোটে আমরা জয়ী হবো, ইনশাআল্লাহ। ৩১ দফার মাধ্যমে জনগণের দল বিএনপি আগামীর পরিকল্পনা পরিষ্কার করেছে, আগামীর সরকার জনগণের সরকার। দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হবে এবং এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আর কখনো রক্ত দিতে হবে না।’

ভোটের দিন নেতাকর্মীদের করণীয় সম্পর্কে বিশেষ নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেককে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। একইসঙ্গে শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। মা-বোনেরা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

বিগত শাসনামলের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৬ থেকে ১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করবে এবং একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’ তিনি ঘরে বসে না থেকে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

গণমিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) চকরিয়া বাস টার্মিনালে সালাহউদ্দিন আহমদের নির্বাচনি প্রচারণার সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত