ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
৫১ দফার নির্বাচনী ইশতেহার দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্য সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভাষ্য অনুযায়ী, এটি কোনো সাধারণ নির্বাচনি প্রতিশ্রুতির তালিকা নয়; বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপির এই নির্বাচনি ইশতেহার উপস্থাপন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
ঘোষিত ইশতেহারে নয়টি প্রধান অঙ্গীকারের কথা বলা হলেও পুরো নথিটি পাঁচটি বৃহৎ কাঠামোয় বিভক্ত করে মোট ৫১ দফা তুলে ধরা হয়েছে। এসব দফার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে অর্থনীতি পুনরুদ্ধার, সামাজিক ন্যায়বিচার ও সুষম উন্নয়নের রূপরেখা দেওয়া হয়েছে।
ইশতেহারের মূল কাঠামোর মধ্যে রয়েছে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক অগ্রগতি ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা তৈরি, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া ও সংস্কৃতিভিত্তিক জাতীয় সংহতি জোরদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির ঘোষিত প্রধান নির্বাচনি অঙ্গীকার
প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে বিএনপি। এই কার্ডের আওতায় মাসিক ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা বলা হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে।
কৃষি খাতে ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি বিমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফসল বাজারজাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মৎস্যচাষি, খামারি ও কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারাও এই সুবিধার আওতায় আসবেন।
স্বাস্থ্য খাতে মানবিক ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসাসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের অঙ্গীকার করা হয়েছে।
শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও কর্মমুখী করতে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং মিড-ডে মিল চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।
ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থার বিস্তারের কথাও উল্লেখ করা হয়েছে।
পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইশতেহারে বিএনপি স্পষ্ট করে জানায়, তাদের রাজনীতি প্রতিশোধের নয় ন্যায় ও মানবিকতার। ক্ষমতার পরিবর্তে জনগণের অধিকারকে রাজনীতির কেন্দ্রে রাখার অঙ্গীকার করা হয়েছে। বলা হয়েছে, ভোটের মর্যাদা, আইনের শাসন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে তাদের লক্ষ্য যেখানে প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে, সবার আগে বাংলাদেশ।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক, গণমাধ্যমের সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- শেয়ারবাজারের ৭ সরকারি প্রতিষ্ঠানের মুনাফায় চমক