ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে সাধারণ মানুষের স্বস্তির জন্য এলপি গ্যাসের ওপর আরোপিত ভ্যাট কমিয়ে এর দাম কমানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে প্রেস সচিব জানান, নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং এরপরই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথের আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, “পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে। আমাদের ধারণা, ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই দায়িত্ব হস্তান্তর শুরু হবে এবং কোনোভাবেই তা ১৭ বা ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না। পরবর্তী সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না।”
তিনি আরও জানান, দায়িত্ব ছাড়ার আগে বর্তমান সরকারের সকল উপদেষ্টা তাদের নিজ নিজ সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন।
জ্বালানি খরচ কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনতে এলপি গ্যাসের ওপর করভার কমানোর সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রেস সচিব জানান, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরিবর্তে এখন থেকে শুধুমাত্র আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে শফিকুল আলম বলেন, “এখন পর্যন্ত নির্বাচনী মাঠ অত্যন্ত উৎসবমুখর। পুলিশি তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ১১৫ জন এবং ২০১৮ সালে ২২ জন প্রাণ হারিয়েছিলেন নির্বাচনী সহিংসতায়। সেই তুলনায় এবার পরিবেশ যথেষ্ট শান্তিপূর্ণ; এখন পর্যন্ত ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।” তিনি আরও যোগ করেন, দেশে এখন আর কোনো ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ঘটছে না এবং আগের এসব ঘটনার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।
প্রেস সচিব আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘জুলাই চার্টার’ বা রাষ্ট্র সংস্কারের পক্ষে তাদের রায় দেবেন এবং এর মাধ্যমে দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আসবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে