ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
“মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও জরুরি ভিত্তিতে ভর্তুকি দেওয়া প্রয়োজন”
নিজস্ব প্রতিবেদক: দেশি জাতের সুরক্ষা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও জরুরি ভিত্তিতে ভর্তুকি দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি মনে করেন, কৃষিতে ব্যাপকভাবে ভর্তুকি দেওয়া হলেও প্রাণি ও মৎস্য খাত সেই সুবিধা থেকে বঞ্চিত, যা সমন্বিত খাদ্য নিরাপত্তার পথে বড় বাধা তৈরি করছে।
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত ৪ দিনব্যাপি ‘কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশি জাতের মাছ ও প্রাণীর মান এবং পুষ্টিগুণ অনেক বেশি হওয়া সত্ত্বেও এগুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। দেশি জাত রক্ষায় গুরুত্ব দিয়ে তিনি সতর্ক করেন—সংকর জাত উন্নয়নের সময় যেন দেশি জাত বিলুপ্ত না হয়ে যায় তা সুনিশ্চিত করতে হবে।
পুষ্টি ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ফরিদা আখতার বলেন, ‘পেট ভরানোই লক্ষ্য নয়, পুষ্টিমান বজায় রাখা অপরিহার্য।’ তিনি আরও বলেন, বাজারে ফর্টিফাইড চাল ও ধানের প্রচলন বাড়লেও এগুলো সবসময় পূর্ণ পুষ্টি নিশ্চিত করতে পারে না। চকচকে সবজি মানেই নিরাপদ নয়, খাদ্যের ক্ষেত্রে নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনে ‘জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ: পুষ্টি নিরাপত্তায় প্রাণি ও মৎস্য খাত’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, এসিআই এগ্রিবিজনেসের গ্রুপ উপদেষ্টা ড. ফা হ আনসারী, লাল তীরের নির্বাহী পরিচালক ড. কাজী ইমদাদুল হক, আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরীসহ আরও অনেকে। ব্লু ইকোনমি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন বিএজেএফ সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু খালিদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি