ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ঘূর্ণিঝড় মোন্থা ক্রমশ উপকূলে: ভারতের তিন রাজ্যে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় মোন্থা ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) সর্বশেষ বুলেটিন অনুসারে, শেষ ছয় ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে মোন্থা।
আইএমডি বুলেটিনের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে মোন্থা।
আইএমডির সর্বশেষ বুলেটিন দেওয়া হয়েছে গতকাল সোমবার রাত ৯ টার দিকে। সেখানে বলা হয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে ‘প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে বিকশিত হবে। ‘প্রবল’ আকারেই মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। এ সময় ওই অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ১১০ কিলোমিটারের গণ্ডিও।
ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য তামিলনাড়ু, অন্ধ্র এবং পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। উপকূল থেকে লোকজনকে সরানো হচ্ছে। ওই তিন রাজ্যে মঙ্গলবার বন্ধ থাকছে স্কুল। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।
অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কড়া সতর্কতা জারি করা হয়েছে। সোমবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে কথা বলেছেন। রাজ্যে আনাকাপল্লি জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। মানুষজনের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং কন্ট্রোলরুম খোলা আছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী।
তামিলনাড়ু উপকূলে ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজধানী চেন্নাইয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, তার প্রশাসন সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
পেডাপল্লি, আদিলাবাদ-সহ তেলঙ্গানার কয়েক জেলায়ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটকের উপকূলবর্তী অঞ্চল উদুপি, উত্তর ও দক্ষিণ কন্নড় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় শাখা বেশ কিছু ট্রেন বাতিল করেছে।
অন্ধ্রের বিশাখাপত্তনম জেলায়ও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পরিষেবা ব্যাহত হতে পারে বলে নির্দেশিকা জারি করেছে বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স।
ওড়িশার গজপতি জেলায় গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতেও বৃষ্টি শুরু হয়েছে। আট জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। সমুদ্রের তীরবর্তী অঞ্চল থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার