ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১২, শাবিপ্রবির ৭ গবেষক
নিজস্ব প্রতিবেদক: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ারের সমন্বিত জরিপে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৭২টি প্রতিষ্ঠানের মোট ২৮৬ জন গবেষক। এই তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ জন গবেষক জায়গা করে নিয়েছেন, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অর্জন।
বাকৃবি থেকে স্থান পাওয়া ১২ জনের মধ্যে রয়েছেন ১১ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো আক্তারুজ্জামান খান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ, প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাহজিব-উল-আরিফ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর, এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম। বাকৃবির এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, শাবিপ্রবি থেকে ৭ জন শিক্ষক এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন। এঁরা হলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পলিমার সায়েন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. জাবেদ ফয়সাল। শাবিপ্রবির অধ্যাপক ড. জামাল উদ্দিন এই অর্জনকে বিশ্ববিদ্যালয় এবং তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেছেন।
এই তালিকা বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন এবং অন্যান্য সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যা তাদের গবেষণার মান ও বৈশ্বিক প্রভাবকে প্রতিফলিত করে। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিজ্ঞান গবেষণার অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত