×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বিক্রির নিয়মে বড় পরিবর্তনের পথে বিএসইসি, আসছে নতুন সুযোগ

২০২৬ নভেম্বর ২৮ ১৭:২২:০৭

শেয়ার বিক্রির নিয়মে বড় পরিবর্তনের পথে বিএসইসি, আসছে নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মালিকানা কাঠামোয় পরিবর্তনের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা নির্দিষ্ট শর্তে শিথিল করার পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রস্তাবটি কার্যকর হলে বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকেরা নিজেদের শেয়ার গ্রুপের বাইরের এমন বিনিয়োগকারীদের কাছেও বিক্রি করতে পারবেন, যারা নতুন করে কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত হতে আগ্রহী।

গত ২৬ নভেম্বর ঢাকার ডিএসই টাওয়ারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য জানান বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। ‘নিউ আইপিওস, নিউ অপরচুনিটিস: দ্য কেস ফর ব্রিংগিং লার্জ আনলিস্টেড কোম্পানিজ টু বাংলাদেশ’স ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সেমিনারে পুঁজিবাজারের সংস্কার ও নতুন কোম্পানি তালিকাভুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শেয়ার ধারণের নিয়মে নমনীয়তা আনার উদ্যোগ

সেমিনারে বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের শৃঙ্খলা বজায় রেখে উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত বিধানে কিছুটা নমনীয়তা আনার বিষয়ে কাজ করছে কমিশন। প্রস্তাবিত ব্যবস্থায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে উদ্যোক্তা ও পরিচালকেরা তাদের শেয়ার নিজস্ব গ্রুপের অন্যান্য সদস্যদের কাছে হস্তান্তর করতে পারবেন। একই সঙ্গে নতুন কোনো বিনিয়োগকারী উদ্যোক্তা-পরিচালক গোষ্ঠীতে যুক্ত হতে চাইলে তার কাছেও শেয়ার বিক্রির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও কমিশনের পরিকল্পনা রয়েছে বলে জানান মাসুদ খান। এ জন্য প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মিউচুয়াল ফান্ডের জন্য বরাদ্দ করা শেয়ারের কোটা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আইপিও নিরীক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিরীক্ষক তালিকাভুক্তির একটি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এতে নির্ধারিত মূল্যায়ন পদ্ধতিতে সর্বোচ্চ নম্বর পাওয়া নিরীক্ষকেরাই আইপিও নিরীক্ষার দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করবেন।

এ ছাড়া আর্থিক উপদেষ্টাদের কার্যক্রম নিয়ন্ত্রণে একটি খসড়া বিধিমালা প্রস্তুত করছে বিএসইসি। প্রয়োজনীয় অনুমোদন শেষে এটি জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। নতুন বিধিমালার আওতায় যোগ্যতা ও লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টারাই সংশ্লিষ্ট সেবা দিতে পারবেন।

বিএসইসি চেয়ারম্যান আরও জানান, জনস্বার্থসংশ্লিষ্ট কিংবা নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী কোনো কোম্পানি মূলধন সংগ্রহ অথবা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের আবেদন করলে তাদের পুঁজিবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করা যায় কি না, তা পর্যালোচনা করছে কমিশন। এর মাধ্যমে কোম্পানিগুলোর স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি বাজারের পরিধি বাড়ানোর লক্ষ্য রয়েছে।

বড় কোম্পানি তালিকাভুক্তিতে আঞ্চলিক অভিজ্ঞতার ব্যবহার

সেমিনারে বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ স্বাগত বক্তব্যে বলেন, ‘এ’ ক্যাটাগরির কোম্পানি এবং কমপক্ষে ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত পুঁজিবাজারের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি। তার মতে, বর্তমান কমিশন শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপের মাধ্যমে আইনি সংস্কার ও বাজারের প্রয়োজনীয় পরিবর্তনগুলো বাস্তবায়ন করছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান। তিনি বলেন, দেশের বড় অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে হংকং, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ইতোমধ্যে চার ধরনের মূল্যায়ন পদ্ধতিসহ বেশ কিছু সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে উদ্যোক্তাদের লক-ইন সীমা ৫ শতাংশে নামিয়ে আনা এবং আইপিও পর্যালোচনার সময়সীমা ২০ দিনে আনার প্রস্তাব রয়েছে। তবে আঞ্চলিক অনেক দেশের বাজারে শেয়ারের মূল্য নির্ধারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা বেশি। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর অতিরিক্ত নির্ভরতা কমে এবং বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।

দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে নিয়মিত বিনিয়োগ পরিকল্পনা (এসআইপি) ও মিউচুয়াল ফান্ডের কার্যক্রম জোরদারের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ, প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারীদের জন্য সহজ প্রস্থান ব্যবস্থা, করপোরেট সুশাসন এবং নির্ভরযোগ্য ক্রেডিট রেটিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাজারকে আরও গ্রহণযোগ্য করতে এমএসসিআইয়ের মতো বৈশ্বিক সূচকের মানদণ্ড অনুসরণের কথাও বলেন তিনি।

বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারের অন্যতম বড় সমস্যা বিনিয়োগকারীদের দীর্ঘদিনের আস্থাহীনতা। এ কারণে ভালো মৌলভিত্তির কোম্পানিও বাজারে যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। পাশাপাশি নতুন ও ভালো কোম্পানিগুলোও তালিকাভুক্ত হতে আগ্রহ হারাচ্ছে।

তিনি জানান, দেশের প্রায় ৪০০ তালিকাভুক্ত কোম্পানির মধ্যে পাঁচটিরও কম প্রতিষ্ঠান নিয়মিত অ্যানালিস্ট কল আয়োজন করে। এমনকি বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ব্ল্যাকরকের প্রতিনিধিরা ঢাকায় এসে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চাইলেও খুব কম ব্লু-চিপ কোম্পানি তাতে সাড়া দেয়।

এ পরিস্থিতি থেকে উত্তরণে ডিএসই-৩০ সূচকের আওতাভুক্ত কোম্পানিগুলোর জন্য প্রতি তিন মাসে অ্যানালিস্ট কল আয়োজন এবং স্বতন্ত্র ইনভেস্টর রিলেশনস বিভাগ প্রতিষ্ঠা বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি। তার মতে, বিনিয়োগকারীদের কাছে কোম্পানির আর্থিক ও ব্যবসায়িক তথ্য নিয়মিত তুলে ধরতে পারলে বাজারে স্বচ্ছতা এবং আস্থা দুটিই বাড়বে।

নতুন আইপিও প্রক্রিয়াকরণে প্রস্তুত ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, নতুন আইপিও আবেদন দ্রুত যাচাই ও প্রক্রিয়াকরণের জন্য প্রতিষ্ঠানটি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, গত মাসের শেষ দিকে ডিএসই চারটি নতুন আইপিও আবেদন পেয়েছে। সেমিনারের দুই দিন আগে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এসব আবেদনের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

বিনিয়োগকারীরা যাতে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা ও ঝুঁকি সম্পর্কে ধারণা নিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য আইপিও প্রসপেক্টাসে আরও নির্ভুল ও স্বচ্ছ তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে ইস্যু ম্যানেজারদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান ডিএসই চেয়ারম্যান।

অন্যদিকে, বিএসইসির কমিশনার নাজমুস সাদাত বলেন, বড় অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়; এর পাশাপাশি বাজারে শৃঙ্খলা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রক্রিয়া সম্প্রতি সহজ করেছে কমিশন। আগে এ প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন মাস সময় লাগলেও নতুন ব্যবস্থায় তা কমে দুই থেকে তিন সপ্তাহে নেমে এসেছে।

সেমিনারে পুঁজিবাজারের সংস্কার, নতুন কোম্পানির তালিকাভুক্তি এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানসহ পুঁজিবাজারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অংশীজন উপস্থিত ছিলেন।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত