×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফের উত্তাল গোপালগঞ্জ

২০২৬ নভেম্বর ২৭ ২০:০১:৪৩

ফের উত্তাল গোপালগঞ্জ

নিজস্ব প্রতিবেদক: থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-খুলনা মহাসড়ক এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় মোট ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া, আড়াই বছর পর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেন নেতাকর্মীরা। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক নামের ব্যানারও টাঙানো হয়। অন্যদিকে, আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে আদালত বর্জন করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে থানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে তখনো ধোঁয়া উঠছিল। মধুমতি নদীর তীরে অবস্থিত আড়াই তলা পাকা বাড়িটির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। কিছুই অক্ষত নেই। বাড়ির পাশের তাঁর পৈতৃক টিনের ঘরটিও ভাঙচুরের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, তাঁর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয়স্বজনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব বাড়ির বেশির ভাগই টিনের তৈরি।

টুঙ্গিপাড়া থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। পাশের পুলিশ অফিসার্স মেস থেকে জিনিসপত্র ভ্যানে করে সরিয়ে নিচ্ছিলেন সেখানে থাকা পুলিশ সদস্যরা। ভ্যানে সরকারি আগ্নেয়াস্ত্র ও পুলিশের হেলমেটসহ বিভিন্ন সরঞ্জাম দেখা যায়। পুলিশ সদস্যরা সবাই ছিলেন সাদা পোশাকে।

স্থানীয় সংবাদকর্মীদের ভাষ্য অনুযায়ী, খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সূত্রপাত হয়। সন্ধ্যার পর থানা ঘেরাও করতে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং স্থানীয় লোকজন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

একই সময়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাওয়ার পথে নিলফা এলাকায় যৌথ বাহিনীর গাড়ি আটকে দেন স্থানীয় লোকজন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। সড়কে যানবাহন চলাচল ছিল খুবই কম। কিছু দোকানপাট খুললেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। বিভিন্ন এলাকায় মানুষের চলাফেরায়ও সতর্কতা দেখা গেছে।

আগামী ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। টুঙ্গিপাড়া ও সদর ছাড়িয়ে কাশিয়ানী, কোটালীপাড়াসহ অন্যান্য উপজেলায়ও পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ মানুষ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত