×

ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিচার হবে প্রচলিত আইনেই: তথ্য উপদেষ্টা

২০২৬ নভেম্বর ১৭ ১৩:৪৫:৪০

শেখ হাসিনার বিচার হবে প্রচলিত আইনেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইনেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদুর রহমান। তিনি বলেন, এই আইন তাঁর বাবার তৈরি করা। অন্তর্বর্তী সরকারের সময়ে আইনটি আরও স্বচ্ছ করা হয়েছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের আইনে এ অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এবং আপিলের সুযোগও সীমিত করা হয়েছে। সরকার সেই আইন অনুসরণ করেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায়।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, অর্থনৈতিক সূচক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পররাষ্ট্রনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের বিস্তারিত জবাব দেন তিনি।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উল্লেখ করা ‘ভারতের শর্ত’ প্রসঙ্গে ড. জাহেদুর রহমান বলেন, কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সরকার প্রতিক্রিয়া জানাবে না। ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে তা বিবেচনা করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। কোনো অন্যায় চাপ বা শর্ত মেনে নেওয়া হবে না।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার উল্লেখ করে তিনি বলেন, আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিক চিঠির মাধ্যমেই তাঁকে ফেরত চাওয়া হয়েছে।

দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত আগ্নেয়াস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের নামে যেকোনো মিছিল, সভা বা সমাবেশ এ মুহূর্তে বেআইনি। গোপালগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো নৃশংসতা সরকার কোনোভাবেই সহ্য করবে না।

তথ্য উপদেষ্টা জানান, গোপালগঞ্জে যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র হাতে যাঁদের ছবি দেখা গেছে, তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। বিদেশে পলাতক নেতাদের উসকানিতে দেশে থাকা ‘নন-পলাতক’ নেতাকর্মীরা ফৌজদারি অপরাধে জড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন বলেও সতর্ক করেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত