×

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হামে শিশুমৃ'ত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ নভেম্বর ০৯ ১৪:৪৭:২০

হামে শিশুমৃ'ত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এটি তাঁর ব্যক্তিগত ব্যর্থতা, সরকারের নয়। তবে তিনি পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিষ্ঠানটির নবনির্মিত ইস্পাতের চারতলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ দায় অন্তর্বর্তী সরকারের, নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।

জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’

হামের টিকা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক বলছে, এই টিকা ভারত থেকে আনা হয়েছে। এ কথা সত্য নয়। মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে আনা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। স্বল্প মূল্যে এসব টিকা আনা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ব্যবহৃত টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত। এসব টিকা সরবরাহ করেছে ইউনিসেফ। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বে টিকা সরবরাহের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান। ইউনিসেফকে বাদ দিয়ে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা নেওয়ার পর হামে শিশুমৃত্যুর ঘটনা ঘটলে দেশের মানুষ তাঁকে জীবিত রাখত না বলেও মন্তব্য করেন তিনি।

অনেক অভিভাবক তাঁদের শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলেও তাঁকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত