×

ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আমরা ঢাকার মানুষ, ক্ষেত-খামারির কূটচাল চলবে না: ইশরাক

২০২৬ অক্টোবর ২২ ১২:৫৬:৩৯

আমরা ঢাকার মানুষ, ক্ষেত-খামারির কূটচাল চলবে না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, ঢাকায় ‘ক্ষেত-খামারির কূটচাল’ চলবে না। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ইশরাক লেখেন, প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শ দিয়েছিলেন। তিনি এক কথায় সেই নির্দেশ মেনে নিয়েছিলেন। প্রথমে বিষয়টিকে শাস্তি মনে হলেও প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছিলেন, একটি গণমাধ্যম ও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে শক্তিশালী ও ক্ষতিকর পরিকল্পনা সাজিয়েছে।

ইশরাকের দাবি, ওই পরিকল্পনার অংশ হিসেবে ধারাবাহিকভাবে নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তার চরিত্র হনন এবং তাকে জনসমালোচনার মুখে ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

তিনি আরও লেখেন, এ প্রক্রিয়ায় তার শুভাকাঙ্ক্ষী জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি করে তাকে একঘরে করার চেষ্টা করা হতো। এমন পরিস্থিতি সৃষ্টি করা হতে পারত, যাতে তার রাজনৈতিক জীবনের অবসান ঘটত। অতীতেও একই চক্র তার বিরুদ্ধে গুরুতর অন্যায়ের পরিকল্পনা করেছিল বলে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল।

ইশরাক বলেন, তিনি প্রধানমন্ত্রীর প্রতি অন্ধ বিশ্বাস রাখা একজন কর্মী। তার ভাষ্য, দেশনায়ক তারেক রহমান তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং সব সময় তার কল্যাণের কথা ভাবেন। জীবনে বহুবার তিনি এর প্রমাণ পেয়েছেন বলেও উল্লেখ করেন।

নিজের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক লেখেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে গিয়েছিলেন। সেই কাজের সূত্র ধরে তৈরি হওয়া একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে নিজেকে সরিয়ে রক্ষা করতে পেরেছেন বলে তিনি মনে করেন। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জন্য কথাগুলো বলছেন না উল্লেখ করে তিনি কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর বলা কথার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখার কথা জানান।

পোস্টের শেষাংশে ইশরাক বলেন, নিজ দলের কেউ সুযোগসন্ধানী হয়ে কোনো পক্ষের সঙ্গে আঁতাত করলে, প্রমাণের ভিত্তিতে এবং অনুমতি নিয়েই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত