×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন: স্পিকার 

২০২৬ অক্টোবর ২১ ২১:৪৮:২৮

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন: স্পিকার 

নিজস্ব প্রতিবেদক: সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতা হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সংসদে রাজনীতি করার পরিবেশও তৈরি করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। সংসদে রাজনীতি করার পরিবেশও আমরা সৃষ্টি করতে পারিনি। তবে এরকম দেশ থাকবে না। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হয়েছি। আগামী দিনে আল্লাহ মানুষের ওপর দয়া করবেন। আমরা দেশে সুন্দর একটি সমাজ গঠন করতে পারব।’

অনুষ্ঠানে স্পিকার দাবি করেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৪০০টি বাড়ি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বাড়িগুলোর অবস্থান উল্লেখ করে চিঠি দেওয়ার পর ব্রিটিশ সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুবাইয়ে ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে বলেও উল্লেখ করেন স্পিকার। তাঁর অভিযোগ, বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুট করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে।

গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলটির নেতাকর্মীরা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে দাবি করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলেরও যুক্তরাষ্ট্র, কানাডা ও ইংল্যান্ডে অনেক সম্পদ রয়েছে।’ আওয়ামী লীগ নেতারা দেশ থেকে অর্থ লুট করে বিদেশে সম্পদ গড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

কানাডার বেগমপাড়ায় লুটপাটের অর্থে সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে স্পিকার বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য গড়েছে।’

এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে সংবর্ধনা দেয় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এর আগে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সংবর্ধনা শেষে তজুমদ্দিনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মেজর আসাদ রিন্টু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত